অব্যাহতি চাইলেন ডিএমপি কমিশনার

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৮ এএম

পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। গতকাল বুধবার দুপুরে অব্যাহতিপত্রে স্বাক্ষর করে পুলিশ সদর দপ্তরে পাঠিয়েছেন তিনি।

শেখ মো. সাজ্জাত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আগামী নভেম্বর পর্যন্ত আমার চুক্তির মেয়াদ আছে। তবে ব্যক্তিগত ও পারিবারিক কারণে অব্যাহতি চেয়ে পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছি।’

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ প্রশাসনের রদবদলের গুঞ্জন উঠে। পুলিশের মহাপরিদর্শক পদে পরিবর্তন আসার পরদিনই সরে যাওয়ার খবর দিলেন ডিএমপি কমিশনার।

বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা শেখ মো. সাজ্জাত আলী বিগত আওয়ামী লীগ সরকারের সময় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি থাকা অবস্থায় ২০১৬ সালের নভেম্বরে চাকরিচ্যুত হন। চব্বিশের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ভূতাপেক্ষভাবে তাকে চাকরিতে পুনর্বহাল করে। পরে ২০২৪ সালের ২০ নভেম্বর ডিএমপির ৩৮তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পান সাজ্জাত আলী।

ওইদিনই পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পেয়েছিলেন বাহারুল আলম। নির্বাচনের পর দেশের দায়িত্ব নেওয়া বিএনপি সরকার গত মঙ্গলবার তাকে সরিয়ে এপিবিএন প্রধান আলী হোসেন ফকিরকে আইজিপির দায়িত্ব দেয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত