গৃহায়নের কর্মচারী ইউনিয়নের নেতা দেলোয়ারের নামে দুদকের চার্জশিট

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৯ এএম

জাল সনদপত্র দিয়ে ২০ বছর চাকরি করার অভিযোগে জাতীয় গৃহায়ন কর্র্তৃপক্ষের কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়েরকৃত মামলায় চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে কমিশন। গত মঙ্গলবার কমিশন এ অনুমোদন দেয় বলে সংস্থাটির জনসংযোগ শাখা নিশ্চিত করে। দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. হাফিজুল ইসলাম আদালতে এ চার্জশিট দাখিল করবেন।

দুদকের তথ্যমতে, দোলোয়ার হোসেন অন্য আসামিদের সঙ্গে যোগসাজশ করে ভুয়া কাগজপত্র তৈরি করেন এবং সেই ভুয়া কাগজপত্রকে খাঁটি হিসেবে ব্যবহার করে ২০০৭ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে সরকারি চাকরি করায় মামলা করে দুদক। মামলার তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় চার্জশিট দাখিলের অনুমোদন দেয় কমিশন।

যাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হবে তারা হলেন জাতীয় গৃহায়নের রাজশাহী সার্কেলের উচ্চমান সহকারী ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, তার স্ত্রী নুসরাত জাহান, কোম্পানিগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. হারুন উর রশীদ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আব্দুস ছালাম, উপসচিব (প্রশাসন) একেএম সাহাব উদ্দিন, সাবেক সেকশন অফিসার সৈয়দ মুকবুল হোসেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান খন্দকার আখতারুজ্জামান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত