নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে গিয়ে সন্ত্রাসীদের হামলার মুখে পড়েছেন নোয়াখালী-৬ হাতিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। এ হামলার ঘটনাকে কেন্দ্র করে তার সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ চলছে।
গতকাল বুধবার দুপুরে নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে এমপি হান্নান মাসউদ ঘটনাস্থলের সড়কে অবস্থান নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজ নিতে এবং নির্বাচনী এলাকায় পরিদর্শনে আসেন এমপি হান্নান মাসউদ। চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এ খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকদের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের একপর্যায়ে এমপি হান্নান মাসউদ ঘটনাস্থলের পাশের সড়কে অবস্থান নেন। বর্তমানে উভয়পক্ষই সড়কের দুপাশে অবস্থান নিয়েছে, যার ফলে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এ সময় এমপি হান্নান মাসউদ বলেন, আমি এলাকা পরিদর্শনে প্রকল্প বাজারে এসেছি। এ সময় স্থানীয় বেলাল মাঝির নেতৃত্বাধীন চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাতরা আমাদের ওপর হামলা চালিয়ে আহত করে। আমি এখানে অবস্থান নিয়েছি। সন্ত্রাসী বেলাল মাঝিকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমি এখান থেকে অবস্থান ছাড়ব না। সে ২০১৮ সালেও সাবেক এমপি ফজলুল আজিমের ওপর হামলা করেছিল।
এ বিষয়ে অভিযুক্ত বেলাল মাঝির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
এ বিষয়ে হাতিয়া থানার ওসি সাইফুল আলম বলেন, আমি ঘটনাস্থলে আছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।
হান্নান মাসউদের ওপর হামলার নিন্দা জামায়াতের : বিএনপির সন্ত্রাসীদের হামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হান্নান মাসউদের আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গতকাল বুধবার এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানান।
তিনি আরও বলেন, সশস্ত্র সন্ত্রাসীদের এ ন্যক্কারজনক হামলা গণতান্ত্রিক চর্চা ও রাজনৈতিক সহনশীলতার পরিপন্থী। একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর প্রকাশ্যে হামলা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরই বহিঃপ্রকাশ।