নাসিক প্রশাসক বললেন

আমাকে সফল হতেই হবে

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০০ এএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খাঁন বলেছেন, এ দায়িত্ব আমার ওপর অর্পিত পবিত্র আমানত। আমার জীবনটাই চ্যালেঞ্জের জীবন। আমি সফল না হলে প্রধানমন্ত্রী সফল হবেন না। তাই আমাকে সফল হতেই হবে। এক্ষেত্রে সফল না হওয়ার কোনো বিকল্প নেই। দলের নেতাকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবীসহ সবাইকে নিয়ে নাগরিক সমস্যা সমাধানে কাজ করে যাব।

দায়িত্ব গ্রহণের পরে তিনি বলেন, নারায়ণগঞ্জে ধুলাবালির কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। নারায়ণগঞ্জকে ক্লিন সিটি হিসেবে গড়ব। প্রচুর পরিমাণে গাছ লাগাব। আমাদের নেতা ব্রিফ করেছেন কী কী কাজ করতে হবে। আমাদের প্রশিক্ষণ দিয়েছেন। আপনারা শুনলে অবাক হবেন জাপানের থিসিস করা মশা সম্পর্কে। ডেঙ্গু মশা চিকুনগুনিয়া মশা কীভাবে শনাক্ত করা যাবে। আমাদের ৬ জনকে এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী অন্যান্য বিষয়ে গতিশীল প্রশাসন, গতিশীল সিটি করপোরেশন গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। কারণ সিটি করপোরেশন এলাকাগুলো সিটির নাগরিক সমাজ অত্যন্ত দুরবস্থার মধ্যে রয়েছেন। আমাদের প্রথম কাজ মশা নিধনের মাধ্যমে এই দুরবস্থা থেকে রক্ষা করার। সামনে বৃষ্টির মৌসুম আসছে। ডেঙ্গু চিকনগুনিয়া থেকে নগরবাসীকে রক্ষায় মশা নিধন করব। নগরের রাস্তাঘাট সংস্কার, যানজট ফুটপাতের হকার, বিশুদ্ধ পানির সরবরাহসহ গুরুত্বপূর্ণ সমস্যাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করতে ৬০ দিনের কর্মসূচি হাতে নেব। বাংলাদেশের মধ্যে নারায়ণগঞ্জে যানজট সমস্যা সবচেয়ে প্রকট। অটোরিকশার সমস্যা সমাধানে পদক্ষেপ নেব।

গতকাল বুধবার সকাল ৯টায় তিনি নারায়ণগঞ্জ-৫ আসনে এমপি আবুল কালাম, জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ জেলা ও মহানগরের দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নগর ভবনে প্রবেশ করেন। এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তা, কর্মচারীরা তাকে স্বাগত জানান। পরে তিনি নির্ধারিত কক্ষে অফিস শুরু করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত