গাজীপুর সিটি করপোরেশন

বিশেষ কর্মসূচি ঘোষণা নতুন প্রশাসকের

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০০ এএম

গাজীপুর সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক মো. শওকত হোসেন সরকার গাজীপুরকে গ্রিন ও ক্লিন সিটি করতে ১৮০ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছেন। এর মধ্যে আগামী ছয় মাসের মধ্যে গাজীপুরের প্রধান সমস্যা জয়দেবপুর রেল গেইটের ওপর দিয়ে একটি ফ্লাইওভার নির্মাণ এবং কাশিমপুরে তুরাগ নদীর ওপর দুটি ব্রিজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ দুটির ভিত্তি প্রস্তর স্থাপন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময়ের মধ্যে গাজীপুর সিটিকে গ্রিন ও ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করা হবে। এ জন্য তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

বুধবার সকালে গাজীপুর সিটিতে আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব গ্রহণ করে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নগরীর জলাবদ্ধতা দূর করতে গাজীপুর সিটির ১৯টি খাল খনন করা হবে এবং সব ড্রেন পরিষ্কার করা হবে যাতে আগামী বর্ষার মৌসুমটি আমরা ভালোভাবে পার করতে পারি। তিনি বলেন, গাজীপুরকে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও যানজটমুক্ত শহর হিসেবে গড়ে তোলা হবে। সিটি করপোরেশনের বৈদ্যুতিক খুঁটিতে কোনো ধরনের ঝুলন্ত তার থাকবে না। ভূগর্ভস্থ লাইনের মধ্যেমে এসব তার সঞ্চালন করা হবে। সিটি করপোরেশনে ঘুষ ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স হিসেবে ঘোষণা করা হয়েছে। নগরবাসীকে দ্রুততম নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে সব কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ প্রদান করা হয়েছে। বিশেষ করে ট্রেড লাইসেন্স, ওয়ারিশ সার্টিফিকেট, জন্মনিবন্ধন যেন দ্রুত সেবা পেতে পারে তার ব্যবস্থা করা হবে। তিনি বলেন, নগরবাসীর জন্য সিটি করপোরেশনের একটি অ্যাপস রয়েছে ওই অ্যাপসের মাধ্যমে নগরবাসী তাদের সমস্যার কথা জানাতে পারবেন। অ্যাপসের মাধ্যমে দ্রুততম সময়ে নাগরিক সেবা প্রদান করা হবে।

তিনি আরও বলেন, নগরীর ৫৭টি ওয়ার্ডে খেলার মাঠ করা হবে এবং শিশুদের জন্য শিশুপার্কের ব্যবস্থা করা হবে।

এর আগে তিনি গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমানকে নিয়ে সিটি করপোরেশন চত্বরে একটি নিমগাছের চারা রোপণ করেন। এ সময় তিনি বলেন, গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে ১৮০ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ সময়ের মধ্যে নগরবাসী দৃশ্যমান পরিবর্তন দেখতে পারবেন বলে আশা করি। মতবিময়কালে সিটি করপোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান ও মহানগর বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত