নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হলেন। গতকাল বুধবার সকালে পুলিশ সদর দপ্তরে আইজিপি হিসেবে দায়িত্ব বুঝে নেন।
বিদায়ী আইজিপি বাহারুল আলম এবং নবনিযুক্ত আইজিপি আলী হোসেন ফকিরের সম্মানে সদর দপ্তরে বিদায় ও বরণ অনুষ্ঠানে অংশ নেন তারা।
এর আগে সকালে আইজিপি পুলিশ সদর দপ্তরে এসে পৌঁছালে একটি সুসজ্জিত পুলিশ দল নবনিযুক্ত আইজিপিকে গার্ড অব অনার দেয়।
প্রধানমন্ত্রী র্যাংক ব্যাজ পরিয়ে দেন : পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকিরকে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল প্রধানমন্ত্রীর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল দুপুরের পর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আইজিপিকে র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী উপস্থিত ছিলেন।
বিদায় ও বরণ অনুষ্ঠান : পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে বিদায় ও বরণ অনুষ্ঠানে কর্মকর্তারা বিদায়ী আইজিপির বর্ণিল কর্মজীবনের নানা দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন। এ সময় তারা বাহারুল আলমের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর জীবন কামনা করেন। একই অনুষ্ঠানে নবনিযুক্ত আইজিপি আলী হোসেন ফকিরকে স্বাগত জানিয়ে তাকে পেশাদার কর্মকর্তা উল্লেখ করে তারা বলেন, তার নেতৃত্বে পুলিশের মর্যাদা ও ভাবমূর্তি এক অনন্য উচ্চতায় উন্নীত হবে।
বাহারুল আলম তার কর্মকালীন সময়ে ঐকান্তিকভাবে সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য পুলিশ কর্মকর্তা ও সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান। নতুন আইজিপিকে একজন দক্ষ ও পেশাদার কর্মকর্তা হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, আইজিপি আলী হোসেন ফকির পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সক্ষম হবেন।
এ সময় নবনিযুক্ত আইজিপি আলী হোসেন ফকির দায়িত্ব পালনকালে সবার সহযোগিতা কামনা করে বলেন, ‘আমরা দেশের উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় সচেষ্ট থাকব। অনুষ্ঠানে অতিরিক্ত আইজি, ঢাকার পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
