মানিকগঞ্জের শিবালয়ে সেলফী পরিবহন থেকে চাঁদা তোলার অভিযোগে গ্রেপ্তার হওয়া যুবদল নেতা সুব্রত কুমার বিশ্বাসকে (৩০) দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সুব্রত উথুলী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বেলতা গ্রামের নিতাই চন্দ্র বিশ্বাসের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের উথুলী-পাটুরিয়া সংযোগ মোড় প্রতিটি সেলফি পরিবহন থেকে ৩০ টাকা করে চাঁদা আদায়ের সময় ১ হাজার ৫৬০ টাকাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে শিবালয় থানা পুলিশ। এ ঘটনায় সেলফী পরিবহনের লাইনম্যান মিজানুর রহমান তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেছেন।
পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, সোমবার সকালে উথুলী-পাটুরিয়া সংযোগ মোড়ে দায়িত্ব পালনকালে লাইনম্যান মিজানুর রহমানের কাছ থেকে বাস কাউন্টারের প্রয়োজনীয় কাগজপত্র জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়। অভিযোগ রয়েছে, সুব্রত বিশ্বাসসহ ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তি তাকে দায়িত্ব পালন করতে বাধা দেন এবং পরে প্রতি বাস থেকে ৩০ টাকা করে চাঁদা তুলতে শুরু করেন।
ঘটনার পর কোম্পানির পক্ষ থেকে থানা পুলিশকে জানানো হলে মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে সুব্রতকে আটক করা হয়। বাকিরা কৌশলে পালিয়ে যায়।
এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর শিবালয় উপজেলা শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উথুলী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সুব্রত কুমার বিশ্বাসকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না এবং দলের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে উথুলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. মনরিুজ্জামান সরকার টুটুল দেশ রূপান্তরকে জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। যুবদল কখনও চাঁদাবাজি বা কোনো অনৈতিক কর্মকাণ্ডে সমর্থন করে না। একজন পদধারী নেতার বিরুদ্ধে এমন অভিযোগ আমাদের জন্য বিব্রতকর। দলের নীতি ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে সুব্রতকে বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতে কেউ যদি দলের নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থে অপকর্মে জড়ায়, তার বিরুদ্ধেও একই ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কসবায় জমিতে ফেলে রগ কেটে চাচাকে হত্যা