চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও লিগ্যাল এমপাওয়ারমেন্ট বাংলাদেশ (এলইবি)-এর যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের আইনি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘আইনের আলো’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিনেট অধিবেশন কক্ষে মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে চবি উপাচার্য ও চাকসুর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন লিগ্যাল এমপাওয়ারমেন্ট বাংলাদেশ (এলইবি)-এর উপদেষ্টা ও চট্টগ্রাম জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইফুল আবেদীন। এছাড়া চাকসুর সহ-সভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি, সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব, আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি তৌহিদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের বিভিন্ন আইনি সমস্যা সম্পর্কে সচেতন করা এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পর্কে সহজ ধারণা দেওয়ার উদ্দেশ্যে বইটি প্রকাশ করা হয়েছে। ‘আইনের আলো’ শুধু একটি প্রকাশনা নয়; শিক্ষার্থীদের মধ্যে আইন সম্পর্কে সচেতনতা তৈরি এবং প্রয়োজনের সময়ে সঠিক আইনি পদক্ষেপ গ্রহণে সহায়তা করার একটি দীর্ঘমেয়াদি উদ্যোগ।
‘আইনের আলো’ বইয়ে অনলাইন জিডি, মামলা ও অভিযোগ দায়েরের প্রাথমিক প্রক্রিয়া, হারানো মুঠোফোন উদ্ধারে করণীয় এবং ভোক্তা অধিকারসংক্রান্ত অভিযোগসহ বিভিন্ন দৈনন্দিন আইনি বিষয়ে সহজ ভাষায় ধাপে ধাপে নির্দেশনা দেওয়া হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, বইটি শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ নাগরিকদেরও আইনি সহায়ক হিসেবে কাজে আসবে। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি নিজেদের অধিকার, দায়িত্ব ও আইন সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন। আইনি সচেতনতা একটি দায়িত্বশীল ও সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা সহজভাবে পৌঁছে দেওয়ার জন্য ‘আইনের আলো’ একটি সময়োপযোগী উদ্যোগ। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। চাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ বলেন, প্রতিদিন শিক্ষার্থীরা বিভিন্ন আইনি সমস্যা নিয়ে যোগাযোগ করেন। কীভাবে জিডি করতে হবে, অভিযোগ দায়ের করতে হবে অথবা বিভিন্ন আইনি সমস্যায় কোথায় ও কীভাবে প্রতিকার পাওয়া যাবে—এসব বিষয়ে সহজ নির্দেশনা দেওয়ার লক্ষ্যেই ‘আইনের আলো’ প্রকাশ করা হয়েছে। তিনি আরও বলেন, চাকসুর প্রথম কার্যনির্বাহী সভা থেকেই শিক্ষার্থীদের আইনগত সচেতনতা বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছিল। ‘আইনের আলো’ প্রকাশনা সেই ধারাবাহিক প্রচেষ্টার একটি অংশ।
চট্টগ্রামের সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ব্রাহ্মণবাড়িয়া বদলি
উপাচার্যের প্রস্তাব ফিরিয়ে দিয়ে আন্দোলনে অনড় চাকসু
মেয়াদ শেষের ৩ মাসের মধ্যে চাকসু নির্বাচন দিতে হবে
চবির ৩৬তম সিনেট প্রত্যাখ্যান করেছে চাকসু