কসবায় জমিতে ফেলে রগ কেটে চাচাকে হত্যা

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জমিতে ফেলে পিটানোর পর হাত-পায়ের রগ কেটে রতন মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে তার ভাতিজা ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌর এলাকার আড়াইবাড়িতে গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে।

নিহত রতন মিয়া আড়াইবাড়ি গ্রামের আব্দুল কাদেরের ছেলে। জেলা সদর হাসপাতালে তার লাশের ময়না তদন্ত সম্পন্ন। তবে বৃহস্পতিবার দুপুর নাগাদ এ বিষয়ে থানায় কোনো মামলা হয়নি।

নিহতের বড় মেয়ে আইরিন ইসলাম হ্যাপি জানান, জমি নিয়ে তাদের সঙ্গে চাচা ও চাচাতো ভাইদের দীর্ঘদিন ধরে মামলা চলমান। বুধবার সকাল থেকেই প্রতিপক্ষ তার বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। বিকেলে তিনি জমিতে কাজ করতে গেলে অভিযুক্তরা লাঠিসোটা নিয়ে তার বাবার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি মারধরের পর জমিতে থাকা আগাছা কাটার কাচি দিয়ে তার হাত-পায়ের রগ কেটে ফেলে রেখে যায়।

পরে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লিখিত অভিযোগ পেলে সে অনুযায়ি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত