ক্ষতিকর পরিবেশে খাবার তৈরির দায়ে ‘কাচ্চি ডাইন’কে ৩ লাখ টাকা জরিমানা

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১২ পিএম

স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর পরিবেশে খাবার তৈরির দায়ে নগরের চকবাজার এলাকায় অবস্থিত ‘কাচ্চি ডাইন’ নামে একটি রেস্টুরেন্টকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অভিযানে গিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক এই জরিমানা করেন। অভিযানে ম্যাজিস্ট্রেট  রেস্টুরেন্টের রান্নাঘর ও কাঁচামাল সংরক্ষণাগারে তেলাপোকা, ইঁদুরের প্রাদুর্ভাব এবং স্যাঁতসেঁতে ফ্লোরে খাদ্যদ্রব্য উৎপাদনের চিত্র দেখতে পান। এছাড়া পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণ না করা, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা, খাদ্যপণ্য (মাওয়া) লেবেলিংয়ে নির্ধারিত প্রক্রিয়া ছাড়াই অসম্পূর্ণ লেবেলিংসহ নানাবিধ অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় প্রতিষ্ঠানের মালিকপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৩ ধারা অনুযায়ী তিন লাখ টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়। অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা ও  মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রামের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক এবং চকবাজার থানার একটি টিম সার্বিক সমন্বয় করেন। জনস্বার্থে এ জাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত