খুলনায় দিনে দুপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৬ পিএম

খুলনায় দিনে দুপুরে দুর্বৃত্তরা শেখ সোহেল (৪৮) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে। আজ বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে নগরীর আফিলগেট এলাকার পেট্রোল পাম্প সংলগ্ন একটি মোটরসাইকেল গ্যারেজের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী শেখ সোহেল খানজাহান আলী থানার আটরা শেখপাড়া গ্রামের বাচ্চু শেখের ছেলে। শেখ সোহেল মাছের ঘের ও ইন্টারনেট ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। হত্যাকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করেন খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর আড়াইটর দিকে শেখ সোহেল আফিলগেটের পেট্রোল পাম্প সংলগ্ন একটি গ্যারেজে ব্যক্তিগত মোটরসাইকেল মেরামতের জন্য আসেন। দুপুর ৩ টা ৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত দুই যুবক আসে। কিছু বুঝে ওঠার আগেই মোটরসাইকেলের পেছনে বসা যুবকটি সোহেলের মাথা লক্ষ্য করে ৪-৫ রাউন্ড গুলি করে। মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এ সময় গুলির শব্দে মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। আতঙ্কে মানুষ দিকবিদিক ছোটাছুটি করতে থাকে। দোকানপাট বন্ধ হয়ে যায়।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুই যুবকের মধ্যে শুটার পেছনে বসেছিল। হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

তিনি বলেন, নিহত শেখ সোহেলের বিরুদ্ধে দুটি হত্যা ও একটি মারামারির মামলা রয়েছে। পুলিশের পাশাপাশি সিআইডির সদস্যরা হত্যাকাণ্ডের কারণসহ খুনিদের শনাক্ত করার চেষ্টা করছে।

এদিকে গত ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে কাজী নিজাম উদ্দিন সুজন (৩৫) নামে একজন ব্যবসায়ী নগরীর পুলিশ লাইন মসজিদে তারাবির নামাজ আদায় করতে যায়। নামাজ আদায় করে প্রায় আধাঘণ্টা পর সে মসজিদ থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। নিখোঁজ কাজী নিজাম উদ্দিন সুজনের সন্ধানের দাবিতে গত বুধবার দুপুরে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। কাজী নিজাম উদ্দিন সুজন খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজানের জামাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত