চাঁদাবাজির প্রতিবাদ করায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখম

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৫ এএম

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় চাঁদাবাজির প্রতিবাদ করায় মোশাররফ হোসেন নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই আব্দুল জব্বার বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার ছয়জনকে আসামি করে মামলা করেন।

আহত মোশাররফ বলেন, গত মঙ্গলবার দুপুরে মোহাম্মদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দিদারুল আলম ওরফে দিদার মাঝি এক কৃষকের জমি দখল ও চাঁদাবাজি করতে গেলে আমি প্রতিবাদ করি। এ নিয়ে তার সঙ্গে কথা-কাটাকাটি হয়। এরপর বাড়ি ফেরার পথে দিদার মাঝি, তার ছেলে ইরাক, হৃদয়, সাঈদী, সাইফুল ও মহিউদ্দিনসহ আমার ওপর কিরিচ, রামদা, লোহার রড ও হকিস্টিক নিয়ে অতর্কিত হামলা চালায়। মাটিতে লুটিয়ে পড়লে তারা পকেটে থাকা ১০ হাজার টাকা এবং ১৮ হাজার টাকা মূল্যের দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে রাস্তার পাশের পানিতে ফেলে দেয়। স্থানীয়রা আমাকে উদ্ধার করে প্রথমে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান।

ভুক্তভোগীর ভাই আব্দুল জব্বার বলেন, আসামিরা এলাকায় অত্যন্ত প্রভাবশালী এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা চলমান। আমি এ নৃশংস হামলার সুষ্ঠু বিচার ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই। তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দিদারুল আলম হামলার বিষয়টি অস্বীকার করেন। তিনি দাবি করেন, মোশাররফকে স্থানীয় কৃষকরা মারধর করেছে এবং তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত