গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার রাজস্ব ও উন্নয়ন সহায়তা তহবিল থেকে প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুনসহ দুই কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগের প্রাথমিক তথ্য-উপাত্ত যাচাইয়ে ইতিমধ্যে একজন অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করেছে দুদক। এতে সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণের প্রক্রিয়া শুরু করা হয়েছে।
দুদক সূত্রে জানা যায়, সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. আব্দুল্লাহ আল মামুন, সচিব এস এম মাজহারুল আনোয়ার এবং হিসাবরক্ষক আশরাফুল মওলার বিরুদ্ধে ভুয়া প্রকল্প (পিআইসি) ও ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে পৌর তহবিল থেকে বিপুল পরিমাণ অর্থ উত্তোলনের অভিযোগ উঠেছে।
অনুসন্ধানের অংশ হিসেবে সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলরদের বক্তব্য প্রদানের জন্য তলব করা হয়েছে। তাদের আগামী ১ মার্চ দুদকের সমন্বিত জেলা কার্যালয়, রংপুরে উপস্থিত হয়ে জাতীয় পরিচয়পত্রের কপিসহ লিখিত ও মৌখিক বক্তব্য দিতে বলা হয়েছে।
