সুপার এইটে প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয় তুলে নিয়েছে ভারত। ৭২ রানের ব্যবধানে এই জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল তারা। ১ মার্চের ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে অলিখিত কোয়ার্টার ফাইনালে জিততে পারলে শেষ চারে খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা।
চেন্নাইয়ে জিম্বাবুয়ের ডাকে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। ওপেনার সঞ্জু স্যামসন দ্রুতগতির ২৪ রান করে ফিরলেও পাওয়ার প্লেতেই বড় সংগ্রহের ভিত গড়ে দেয় ভারত। দ্বিতীয় উইকেটে ইশান কিষান ও অভিষেক শর্মা গুরুত্বপূর্ণ জুটি গড়েন। অভিষেক মাত্র ২৬ বলে বিশ্বকাপে তার প্রথম ফিফটি তুলে ৫৫ রানে আউট হন। পরে অধিনায়ক সূর্যকুমার যাদব ১৩ বলে ঝড়ো ৩৩ রান যোগ করেন। শেষদিকে ব্যাট হাতে ঝলক দেখান হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মা। পঞ্চম উইকেটে মাত্র ৩১ বলে ৮৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে তারা কার্যত ম্যাচ একপেশে করে দেন। ম্যাচসেরা হার্দিক ২৩ বলে ফিফটি পূর্ণ করেন আর তিলক ১৬ বলে করেন ৪৪ রান। ভারত করে ৪ উইকেটে ২৫৬, যা এই বিশ্বকাপের সর্বোচ্চ। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মন্দ করেনি জিম্বাবুয়ে। তবে প্রয়োজনীয় রানরেট ধরে রাখা সম্ভব হয়নি। ওপেনার ব্রায়ান বেনেট একাই লড়াই চালিয়ে যান। সেঞ্চুরির খুব কাছে গিয়ে ৯৭ রানে অপরাজিত থাকেন তিনি। তার ৫৯ বলের ইনিংসে ছিল ৮টি চার ও ৬টি ছক্কা। অধিনায়ক সিকান্দার রাজা করেন ৩১। শেষমেশ ৬ উইকেটে থামে ১৮৪ রানে।