বগুড়া-৬ উপনির্বাচন

বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৭ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী করা হয়েছে জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশাকে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২ ফেব্রুয়ারি বগুড়া-৬ সদর আসন থেকে সোয়া লক্ষাধিক ভোট বেশি পেয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচিত হন। গত ১৬ ফেব্রুয়ারি বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে নির্বাচন কমিশনে চিঠি দেন তারেক রহমান। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন।

সে সময় ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসন রেখেছেন।

আইন অনুযায়ী, একজন ব্যক্তি সর্বোচ্চ তিনটি আসন থেকে নির্বাচনে অংশ নিতে পারেন। তবে বিজয়ী হলে তিনি শুধু একটি আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারেন। বাকিগুলো ছেড়ে দিতে হয়। সেগুলোয় নিয়ম অনুযায়ী উপনির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন।

এদিকে গতকাল ইফতারের পর বগুড়া-৬ আসন থেকে জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশার মনোনয়ন নিশ্চিত হওয়ার পর আনন্দের জোয়ারে ভাসছেন দলীয় নেতাকর্মীরা। রেজাউল করিম বাদশা বগুড়া পৌরসভার সাবেক মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়ক ও বগুড়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক কালাম আজাদ বলেন, ‘তারেক রহমান আমাদের সর্বোচ্চ ঠিকানা। তিনি জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশাকে মনোনীত করেছেন। তার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এখন সময় সবাইকে এক হয়ে আগামী ৯ এপ্রিল উপনির্বাচনে রেজাউল করিম বাদশাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করা। উন্নয়নবঞ্চিত বগুড়ার উন্নয়নে সংসদে গিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তিনি। তিনি বলেন, ১৭ বছর বগুড়ার কোনো উন্নয়ন করেনি ফ্যাসিস্ট সরকার। এবার বগুড়াবাসীর প্রত্যাশা পূরণ হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত