এয়ারগান উদ্ধার হলেও পুলিশের প্রেস ব্রিফিংয়ে প্রদর্শন হয়নি, তদন্ত দাবি

আসামিদের বাড়ি থেকে এয়ারগান উদ্ধারের দাবি, ভিডিওতেও দেখা গেছে অস্ত্র; তবে মামলার নথিতে নেই উল্লেখ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পিএম

পটুয়াখালীর পূর্ব মৌকরনে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কাজী মো. রফিকুল ইসলামের ওপর হামলার ঘটনায় আসামিদের বাড়ি থেকে একটি এয়ারগান উদ্ধারের দাবি উঠেছে। তবে পুলিশের প্রেস ব্রিফিংয়ে ওই এয়ারগান প্রদর্শন না করায় বিষয়টি সঠিকভাবে তদন্তের দাবি জানিয়েছেন আহত পুলিশ কর্মকর্তার স্ত্রী মোছা. মাহমুদা বেগম।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় পটুয়াখালী জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি।

মাহমুদা বেগমের দাবি, গত ৭ সেপ্টেম্বর রাতে পুলিশ অভিযান চালিয়ে আসামিদের বাড়ি থেকে একটি এয়ারগান, বেশ কিছু দেশীয় অস্ত্র এবং ৫-৬টি রামদা উদ্ধার করে। পরে আসামিদের সঙ্গে এসব অস্ত্র থানায় নেওয়া হয়।

তিনি জানান, ঘটনার একটি ভিডিওতে আসামিকে গাড়ি থেকে পটুয়াখালী সদর থানায় নামানোর সময় পুলিশের এক সদস্যের হাতে উদ্ধার হওয়া এয়ারগানটি দেখা যায়। তবে পরবর্তী সময়ে জেলা পুলিশের আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এয়ারগানটি প্রদর্শন করা হয়নি। সেখানে শুধু আসামি ও কয়েকটি দেশীয় অস্ত্র প্রদর্শন করা হয় বলে দাবি করেন তিনি।

মাহমুদা বেগম আরও বলেন, রবিউল কাজীর বিরুদ্ধে করা অস্ত্র মামলার নথিতেও ওই এয়ারগানের উল্লেখ নেই। উদ্ধার হওয়া অস্ত্র থানায় নেওয়া এবং ভিডিওতে সেটি দেখা যাওয়ার পরও মামলার নথিতে এয়ারগানের বিষয়টি উল্লেখ না থাকার কারণ জানতে নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, গত ১০ জুলাই রাতে রফিকুল ইসলামকে রামদা, চায়নিজ কুড়াল ও লোহার রড দিয়ে হামলা করে গুরুতর আহত করা হয়। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় মামলা হয়েছে, যার নম্বর ৫২১।

এ ছাড়া মামলার ৩ নম্বর আসামি রুবেলসহ কয়েকজন এখনও গ্রেপ্তার হয়নি এবং তারা পরিবারকে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন মাহমুদা বেগম। পলাতক আসামিদের গ্রেপ্তার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

অভিযোগের বিষয়ে অভিযানে থাকা সদর থানার এসআই সাইফুল ইসলাম বলেন, আসামিদের বাসা থেকে দেশীয় অস্ত্রের পাশাপাশি একটি এয়ারগানও পাওয়া গিয়েছিল। দেশীয় অস্ত্র সংক্রান্ত একটি মামলা হয়েছে। এয়ারগানের বিষয়ে ওসি ও এসপির সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত