দুমকির পাঙ্গাসিয়া ইউনিয়ন পরিষদের ১১ জন সদস্য উপস্থিত থাকলেও মাত্র একজন সদস্যের অনুপস্থিতির কারণে গুরুত্বপূর্ণ সমন্বয় সভা বাতিল করেছেন চেয়ারম্যান অ্যাডভোকেট নজরুল ইসলাম গাজী। এ ঘটনায় সদস্যদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং ইউনিয়নজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টায় সভা আহ্বান করা হয়। নির্ধারিত সময়ে ১১ জন সদস্য উপস্থিত থাকলেও বিএনপি নেতা আমিনুল ইসলাম বারেক নামের এক সদস্য অনুপস্থিত ছিলেন। উপস্থিত সদস্যরা সভা শুরু করার অনুরোধ জানালেও চেয়ারম্যান কোনও সুনির্দিষ্ট কারণ উল্লেখ না করে সভা বাতিল ঘোষণা করেন বলে অভিযোগ ওঠে।
সভা বাতিলের ঘটনায় ইউপি সদস্যদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তাদের দাবি, রমজান মাসে নাগরিক সেবা ও উন্নয়নমূলক কাজের চাপ থাকা সত্ত্বেও দীর্ঘক্ষণ অপেক্ষার পর সভা বাতিল করা দায়িত্বহীনতার পরিচায়ক। এতে পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। তবে চেয়ারম্যানের সমর্থকদের দাবি, সকল সদস্যকে নিয়ে ঐক্যমতের ভিত্তিতে সভা করতে চেয়েছিলেন তিনি। এ ঘটনাকে কেন্দ্র করে ইউনিয়নে রাজনৈতিক উত্তাপ বিরাজ করছে। সাধারণ মানুষের প্রত্যাশা, নিয়মিত সভা ও উন্নয়ন কার্যক্রম সচল রেখে নাগরিক সেবা নিশ্চিত করা হবে।
