নিউইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও বাংলাদেশ ট্রেড ফেয়ার

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পিএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) হতে যাচ্ছে ৫ম নিউইয়র্ক আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও চেম্বার বার্ষিক বিজনেস এক্সপো ২০২৬ এবং ৯ম বাংলাদেশ ট্রেড ফেয়ার ২০২৬। নিউইয়র্কের বোরো অব ম্যানহাটন কমিউনিটি কলেজে (বিএমসিসি) দিনব্যাপী এ আয়োজনে বাংলাদেশ, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারী, নীতিনির্ধারক, আর্থিক প্রতিষ্ঠান ও পেশাজীবীরা অংশ নেবেন। খবর সংবাদ বিজ্ঞপ্তির। 

সকাল সাড়ে ৯টায় উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠান। পরে সকাল সাড়ে ১১টায় গ্লোবাল ইনভেস্টমেন্ট, ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড রেমিট্যান্স ফোরাম ২০২৬ এবং বিকেল ৩টায় ইন্টারন্যাশনাল বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ-ইউএসএ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিইউসিসিআই) ও গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্স যৌথভাবে এ মেলার আয়োজন করছে। সহযোগিতায় রয়েছে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার এলএলসি এবং ইউএসএ-বাংলাদেশ বিজনেস লিংকস। এবারের প্রতিপাদ্য—‘কানেকটিং গ্লোবাল মার্কেটস, ক্রিয়েটিং অপরচুনিটিজ ফর ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টস’।

আয়োজকদের তথ্য অনুযায়ী, বাংলাদেশি পণ্যের প্রচার এবং আন্তর্জাতিক বাজারে ব্যবসায়ীদের প্রবেশের সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে ২০১৬ সালে ট্রেড ফেয়ারটির যাত্রা শুরু হয়। ২০২২ সালে এটি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় রূপ নেয়। এরপর থেকে বাণিজ্য, বিনিয়োগ, উদ্যোক্তা উন্নয়ন ও আন্তর্জাতিক ব্যবসায়িক সংযোগ তৈরিতে গুরুত্ব দিয়ে আসছে আয়োজনটি।

গত কয়েক বছরে মেলাটি পণ্য প্রদর্শনীর পাশাপাশি ব্যবসায়ী-ব্যবসায়ী (বিটুবি) ও ব্যবসায়ী-সরকার (বিটুজি) সংযোগ, বিনিয়োগ আলোচনা, ব্যবসায়িক নেটওয়ার্কিং এবং আর্থিক সংযোগের একটি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। পূর্ববর্তী আয়োজনগুলোতে ১৫০টির বেশি কোম্পানি, ৫৪ জন বিশিষ্ট বক্তা ও অতিথি এবং প্রায় ১ হাজার ৮০০ দর্শনার্থী অংশ নেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

এবারের আয়োজনে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের অর্থনৈতিক সম্পৃক্ততা বাড়ানো এবং বাংলাদেশে বিনিয়োগের সুযোগ তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে বৈধ ও আনুষ্ঠানিক চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর বিষয়ে সচেতনতা এবং প্রবাসীদের অর্থকে বাংলাদেশের উৎপাদনশীল বিনিয়োগে যুক্ত করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে।

অনুষ্ঠানের অংশ হিসেবে ছয়জন বিশিষ্ট ব্যবসায়ী ও পেশাজীবীকে ইন্টারন্যাশনাল বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৬ দেওয়া হবে। ব্যবসা, বিনিয়োগ, প্রযুক্তি, অর্থনীতি, পেশাগত উৎকর্ষতা ও কমিউনিটি উন্নয়নে অবদানের পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা এবং বৈদেশিক মুদ্রা অর্জনে অবদানের স্বীকৃতি হিসেবে তাদের এ সম্মাননা দেওয়া হবে।

আয়োজকেরা বলছেন, মেলাটি একটি ব্যবসাকেন্দ্রিক ও অরাজনৈতিক প্ল্যাটফর্ম। এর লক্ষ্য বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক বাজারের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ বাড়ানো এবং বিনিয়োগ ও উদ্যোক্তা উন্নয়নের নতুন সুযোগ তৈরি করা।

এবারের আয়োজনটি গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের ২৫তম বার্ষিক বিজনেস এক্সপো-এর সঙ্গেও যুক্ত হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এই সম্মিলিত আয়োজন দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, রেমিট্যান্স ও আন্তর্জাতিক ব্যবসায়িক সহযোগিতার নতুন সুযোগ তৈরি করবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত