ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশ সদস্যদের বহন করা একটি পিকআপ খাদে পড়ে ৮ জন আহত হয়েছেন। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আব্দুর রহিম জোনায়েদ সাকিকে প্রটোকল দেওয়ার জন্য জেলা পুলিশ লাইন্স থেকে পিকআপটি যাচ্ছিল।
বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর গ্রামে সকাল সাড়ে সাতটার দিকে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা জুয়েল মিয়া ও শরিফ নামে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন। এ ছাড়া মহিউদ্দিন, মেহেদী হাসান, এএসআই নিজাম, জহির রায়হান, আব্দুল সালাম ও মাইনুল হাসান নামে ছয়জন আহত হন।
তাদের বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় নায়েক জুয়েল মিয়া ও শরিফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রাজারবাগে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনার পর অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আব্দুর রহিম জোনায়েদ সাকি বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের দেখতে যান এবং আহতদের খুঁজ-খবর নেন।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছিন মিয়া জানান, পুলিশ লাইন্স থেকে আজকে প্রতিমন্ত্রীর প্রোগ্রামে প্রটোকলের দায়িত্ব পালনের জন্য যাওয়ার সময় পিকআপটি দুর্ঘটনার মুখে পড়ে। একটি অটো রিকশাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড়িটি। এ সময় আট পুলিশ সদস্য আহত হন। তাদের মধ্যে দু’জনকে গুরতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়।
