মন্ত্রণালয়ের আগের গৌরব ফিরে আনার চেষ্টা করছি: ভূমি প্রতিমন্ত্রী

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৫ পিএম

ভূমি মন্ত্রণালয়ের আগের গৌরব ফিরে আনার চেষ্টা করছি বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেন, ভূমি মন্ত্রণালয়ে অনেক ক্ষেত্রে ডিজিটালাইজেশন হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেবাগ্রহীতারা অনেক কিছুই জানেন না। যেমন একটি কল সেন্টার ২৪ ঘণ্টা এবং সপ্তাহে সাতদিনই খোলা থাকে। কিন্তু এর প্রচার জনগণের কাছে পৌঁছানো হয়নি। আমরা এখন চেষ্টা করছি ভূমি মন্ত্রণালয়ের পূর্বের গৌরব পুনরুদ্ধার করতে এবং একটি দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোনার দুর্গাপুর পৌরসভা কার্যালয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা প্রত্যাশা করছি উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস পর্যায়ে যারা আছেন, প্রত্যেকেই তাদের দায়িত্বশীলতার পরিচয় দেবেন। যেকোনো দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে আমি সবাইকে সচেতন ও সতর্ক হওয়ার আহ্বান জানাব।

তিনি বলেন, আমরা সততাকে সঙ্গে এবং সবাইকে সঙ্গে নিয়ে দেশের জন্য কাজ করতে চাই। জনগণের সরকার হিসেবে আমরা জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চাই। আশা করি ভূমি মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবাই দায়িত্বশীলতার পরিচয় দিয়ে বিতর্কগুলোর অবসান ঘটাতে পারবেন।

নদী ও খাল খনন নিয়ে প্রতিমন্ত্রী বলেন, শুধু নদী নয়, খাল খননও আমাদের নির্বাচনী ইশতেহারের কর্মসূচিতে রয়েছে।  নদীর পাশাপাশি খাল খননেও জোর দিচ্ছি। কারণ এটি শুধু সৌন্দর্যের জন্য নয়; আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষকদের সেচের জন্য বিকল্প মাধ্যম হতে পারে নদী ও খাল।

প্রতিমন্ত্রী  বলেন, প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পর তিনি খাল খনন, কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ডের বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। আমরা প্রতিটি বিষয় গুরুত্বের সঙ্গে চালিয়ে যাচ্ছি এবং আশা করি এর সুফল জনগণ দ্রুতই ভোগ করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত