যশোরের অভয়নগরের বাগদাহ গ্রামে মাদকের বিস্তার হওয়ায় মেয়েদের বিয়ে দিতে সমস্যা হচ্ছে অভিভাবকদের। এছাড়া ধ্বংসের দিকে ধাপিত হচ্ছে এলাকার যুবসমাজ। এজন্য মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শুক্রবার সকালে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, বাগদাহ গ্রামে দীর্ঘদিন ধরে মদ, গাঁজা বিক্রি হচ্ছে। গ্রামের প্রায় প্রতিটি পাড়ায় প্রকাশ্যে মাদক বিক্রি হয় বলে অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বিভিন্ন সময় বস্তা বস্তা গাঁজা ও মদ উদ্ধার হলেও বন্ধ হচ্ছে না এ ব্যবসা। মাদকের এমন নেতিবাচক পরিচিতির কারণে অন্য এলাকার পরিবারগুলো বাগদাহ গ্রামের মেয়েদের সঙ্গে বিয়ের সম্পর্ক করতে অনাগ্রহ দেখাচ্ছে। ফলে অনেক মেয়ের বিয়ে অনিশ্চয়তায় পড়েছে।
এ পরিস্থিতির প্রতিবাদে শুক্রবার সকালে গ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা মাদক ব্যবসায়ীদের দ্রুত আটক, জামিনে মুক্তিরোধ এবং কঠোর শাস্তির দাবি জানান। তারা বলেন, মাদকমুক্ত না হলে গ্রামের সামাজিক অবস্থান ও সম্মান থাকবে না।
মানববন্ধনে উপস্থিত ছিলেন চলিশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, অভয়নগর থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ, জামায়াতের ইউনিয়ন সভাপতি রজব আলী ফারাজী, শিক্ষক দাউদ আলী মোল্লা, শিক্ষক সাইফ উদ্দিন শেখ, প্রফেসর নুরুজ্জামান, ইউপি সদস্য ফারুক হোসেন, জহুরুল হোসেন মোল্লা, মো. সবুজ গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এলাকাবাসী হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভয়নগর থানা পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক কারবারী ও সন্ত্রাসীরা যে দলেরই হোক না কেনো তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। সেজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
