বগুড়া-৬ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী সেই আবিদুর

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩২ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে অংশ নিতে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির বগুড়া শহর আমির ও কেন্দ্রীয় কর্ম-পরিষদের সদস্য আবিদুর রহমান সোহেলকে এ আসনের প্রার্থী করা হয়েছে। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দলটির একাধিক নেতা এই তথ্য নিশ্চিত করেছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসন থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন আবিদুর রহমান সোহেল। বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর তারেক রহমান এই আসনটি ছেড়ে দেওয়ায় আসনটি শূন্য হয়। পরে নির্বাচন কমিশন এখানে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন জানান, কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে উপনির্বাচনে আবিদুর রহমান সোহেলকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে মনোনয়নপত্র সংগ্রহ করা হবে।

এদিকে, বগুড়া-৬ আসনে বিএনপি দলটির বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে মনোনয়ন দিয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ৫ মার্চ মনোনয়নপত্র বাছাই এবং ১৪ মার্চ প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রতীক বরাদ্দ হবে ১৫ মার্চ, আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ এপ্রিল।

বগুড়া-৬ আসনের আওতায় রয়েছে বগুড়া সদর উপজেলা ও সদর থানা। এই আসনে মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৫ জন, নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং হিজড়া ভোটার ১০ জন। এছাড়া পোস্টাল ভোটারের সংখ্যা ৩ হাজার ৭৩৪ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত