ডান্ডাবেড়ি পায়ে বাবার জানাজায় ছাত্রলীগ নেতা

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৬ পিএম

ঝালকাঠির নলছিটিতে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কারাবন্দী নেতা প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা ও দাফন কার্যক্রম সম্পন্ন করেছেন। পরে নির্ধারিত সময় শেষে তাকে আবারও কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের কামদেবপুর এলাকায় পারিবারিক কবরস্থানে এই জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্বজনদের সঙ্গে উপস্থিত ছিলেন সুবিদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম জোমাদ্দর (২৫)।

পারিবারিক সূত্রে জানা গেছে, একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন রাকিবুল ইসলাম। বৃহস্পতিবার সকালে তার বাবা মোশাররফ জোমাদ্দর মারা গেলে পরিবারের পক্ষ থেকে জেল কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। প্রশাসনের অনুমোদনের পর স্বল্প সময়ের জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।

পুলিশি পাহারায় তিনি জানাজায় অংশ নেন। এ সময় তার পায়ে ডান্ডাবেরি পরানো ছিল। বাবার জানাজা ও দাফন সম্পন্ন হলে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয় এলাকায়।

নলছিটি উপজেলা ছাত্রলীগের সভাপতি অনীক রহমান সরদার বলেন, রাকিবের বাবার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। পিতার মৃত্যু যেকোনো সন্তানের জন্য অত্যন্ত কষ্টের। প্যারোলে মুক্তি পেয়েও বাবার জানাজায় অংশ নিতে পুলিশি পাহারায় থাকা আরও বেদনাদায়ক। আমরা রাকিব ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং তার ধৈর্য কামনা করি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে প্রশাসনের অনুমতি সাপেক্ষে রাকিবকে পুলিশ পাহারায় জানাজায় নিয়ে যাওয়া হয়। দাফন কার্যক্রম শেষে তাকে পুনরায় কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত