কলম্বিয়ার নির্বাচনে এআই প্রার্থী

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৪ এএম

গুগলে খোঁজ করলে ‘গাইতানা’ সম্পর্কে তিন ধরনের তথ্য পাওয়া যায়। স্বাভাবিকভাবে প্রথমে আসে কলম্বিয়ার ষোড়শ শতকের আদিবাসী নেত্রী গাইতানার নাম। তিনি সেই অঞ্চলে স্প্যানিশ উপনিবেশিক শক্তির বিরুদ্ধে অস্ত্র ধরে কালজয়ী হয়েছেন। তাকে নিয়ে দেশটিতে ভাস্কর্য আছে। সার্চের দ্বিতীয় ফলাফলে পাওয়া যায় ইউরোভিশন-খ্যাত ইউক্রেনীয় গায়িকা গাইতানার নাম। আফ্রিকা-বংশোদ্ভূত এই গায়িকার ‘বি মাই গেস্ট’ গানটি আন্তর্জাতিক অঙ্গনে বেশ জনপ্রিয়। এরপর পাওয়া যায় কলম্বিয়ার আসন্ন আইনসভা নির্বাচনে আলোচিত এআই প্রার্থী ‘গাইতানা’ সম্পর্কিত সংবাদ।

তবে এআই মোডে সার্চ ফলাফলে সবার আগে আসে প্রার্থী ‘গাইতানা’, পরে গায়িকা গাইতানা ও সবশেষে বিপ্লবী আদিবাসী নেত্রী গাইতানা।

গত ২২ ফেব্রুয়ারি সংবাদ সংস্থা এএফপির এক্স অ্যাকাউন্টে এআই প্রার্থী ‘গাইতানা’র নির্বাচনী প্রচারণার একটি ভিডিও পোস্ট করে। এই বট প্রার্থী সম্পর্কে ৫৩ সেকেন্ডের সেই ভিডিওতে কিছু তথ্য তুলে ধরা হয়। সেই ভিডিও থেকে জানা যায় আগামী ৮ মার্চ দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আইনসভা নির্বাচন। সেই নির্বাচনে ‘গাইতানা’ নামের এআই প্রার্থী সেখানকার আদিবাসীদের জন্য সংরক্ষিত এক আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এএফপির প্রকাশিত ‘আইনসভা নির্বাচনে এআই প্রার্থী’ শিরোনামের সেই ভিডিও ক্লিপে আরও বলা হয় এই বটকে সাজানো হয়েছে এক নীল-রঙা নারীর অবয়বে। তার মুখের ভাষা কৃত্রিমভাবে তৈরি। কলম্বিয়ার আইনসভায় আদিবাসীদের জন্য সংরক্ষিত এক আসনে এই প্রার্থী নির্বাচন করছে।

দেশটির প্রচলিত আইন অনুসারে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য একজন মানুষকে নিবন্ধন করতে হবে। তাই ‘গাইতানা’ ডিজিটাল প্রতিনিধি হিসেবে কাজ করছে। কিন্তু, ব্যালটে এর নাম থাকবে ‘এআই’ হিসেবে। ভিডিওটিতে ‘গাইতানা’ নিজেকে ‘পরিবেশবাদী’ ও ‘প্রাণী অধিকাররক্ষক’ হিসেবে পরিচয় দিয়েছেন।

প্রকল্পটির কারিগর বলছেন, ১০ হাজারের বেশি অনলাইন ব্যবহারকারীর দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে বটটির মতামত সাজানো হয়েছে। ‘গাইতানা’র নির্বাচনী প্রচারণায় ‘ডিজিটাল গণতন্ত্রের’ প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। আইন পরিষদে নিজের প্রস্তাবগুলো তুলে ধরার আগে এই বট অনলাইনে জনমত যাচাইয়ের জন্য তুলে ধরতে চায়।

সর্বশেষ সর্বাধিক পঠিত