ঢাকায় প্রথম হতে হচ্ছে ব্রডব্যান্ড এক্সপো

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৮ এএম

দেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ব্রডব্যান্ড ইন্টারনেট সংশ্লিষ্ট বিশেষ প্রদর্শনী ‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’। আগামী ২ থেকে ৪ এপ্রিল পর্যন্ত রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এই প্রদর্শনী চলবে। এ প্রদর্শনীর আয়োজন করছে দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা কোম্পানিগুলোর সংগঠন ‘ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ বা আইএসপিএবি। এতে ব্রডব্যান্ড সেবার সঙ্গে সংশ্লিষ্ট আধুনিক প্রযুক্তি, বিভিন্ন আইএসপির বিশেষ অফার ও একাধিক সেমিনার অনুষ্ঠিত হবে।

বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের শুরু থেকেই মোবাইল ইন্টারনেটের আধিক্য থাকলেও টেলিমেডিসিন, ই এডুকেশন ও স্মার্ট সিকিউরিটির মতো সেবায় ফিক্সড ব্রডব্যান্ডের কোনো বিকল্প নেই বলেই মনে করছে সংগঠনটি। আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম বলেছেন, উচ্চগতির ও স্থিতিশীল সংযোগ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, আইওটি ও ডিজিটাল জীবনযাপন টেকসই সম্ভব নয়। অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সমাজ গঠনে ফিক্সড ব্রডব্যান্ডের প্রসার বাড়াতে এ এক্সপো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজকরা বলছেন, দেশে ফিক্সড ব্রডব্যান্ডের নাগাল এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। অথচ ঘরোয়া নিরাপত্তা, স্মার্ট ডিভাইস ব্যবস্থাপনা ও নিরবচ্ছিন্ন অনলাইন সেবার জন্য ব্রডব্যান্ড সংযোগ অপরিহার্য, বিশেষ করে মহামারীর সময়ে দূরশিক্ষণ ও দূরচিকিৎসার ক্ষেত্রে স্থিতিশীল সংযোগের বাড়তি চাহিদা দেখা গেছে।

প্রদর্শনীতে জাতীয় পর্যায়ের ইন্টারনেট সেবাদাতা কোম্পানিগুলোর পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্যও আলাদা স্টল বরাদ্দ থাকবে, যেখানে এলাকাভিত্তিক সেবা ও সাশ্রয়ী প্যাকেজ তুলে ধরার সুযোগ পাবেন তারা।

তিন দিনের এ আয়োজনে প্রযুক্তির প্রদর্শনীর পাশাপাশি জ্ঞান বিনিময়ের ওপরও গুরুত্ব দিয়েছেন আয়োজকরা। এ কর্মসূচির দ্বিতীয় দিনে দুটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে, যেখানে এ খাত সংশ্লিষ্ট ব্যবসায়ী, প্রযুক্তি সরবরাহকারী ও বিশেষজ্ঞরা অংশ নেবেন। সেমিনারে এ শিল্পের ভবিষ্যৎ, নীতিগত চ্যালেঞ্জ ও অবকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এ ছাড়া মেলায় দর্শনার্থীদের জন্য আইওটি ডিভাইস, নেটওয়ার্ক সুরক্ষা সমাধান ও স্মার্ট হোম প্রযুক্তিসহ ব্রডব্যান্ডভিত্তিক বিভিন্ন উদ্ভাবনী সেবার প্রদর্শনী থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত