অসম্ভব সমীকরণের সামনে পাকিস্তান

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৫ এএম

নিউজিল্যান্ডের কাছে ৬১ রানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেছে আসরের দুই আয়োজকের এক শ্রীলঙ্কার। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি তাই শ্রীলঙ্কার জন্য নিয়ম রক্ষার লড়াই। কিন্তু পাকিস্তানের আশা কাগজে-কলমে এখনো টিকে আছে। গ্রুপ-২ থেকে ইতিমধ্যে ইংল্যান্ড সেমিফাইনালে পৌঁছে গেছে। তাই এই গ্রুপ থেকে শেষ সেমিফাইনাল স্পটের জন্য লড়াই হচ্ছে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে। তাহলে সমীকরণটা কী?

নিউজিল্যান্ডের দেওয়া ১৬৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে শ্রীলঙ্কা ৮ উইকেটে মাত্র ১০৭ রানে থেমে যায়। ২০১৪ সালে শিরোপা জয়ের পর এই নিয়ে ধারাবাহিক পাঁচবার সেমিফাইনালে পৌঁছাতে ব্যর্থ হলো শ্রীলঙ্কা। এই জয়ের ফলে নিউজিল্যান্ডের নেট রান রেট এখন +৩.০৫০, যা তাদের পাকিস্তানের চেয়ে এগিয়ে রাখছে। পাকিস্তানের আশা এখন ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের ম্যাচের ওপর নির্ভর করছে।

নিউজিল্যান্ড যদি ইংল্যান্ডকে হারায়, তাহলে নিউজিল্যান্ড ৫ পয়েন্ট নিয়ে সরাসরি সেমিফাইনালে যাবে। এতে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচটি হয়ে উঠবে স্রেফ নিয়ম রক্ষার। তবে ইংল্যান্ড যদি নিউজিল্যান্ডকে হারায়, তাহলেই পাকিস্তানের জন্য গাণিতিক হিসেবে সেমিতে ওঠার সুযোগ থাকবে। এক্ষেত্রে তাদের অবশ্যই শ্রীলঙ্কার ম্যাচ জিততে হবে। এতে নিউজিল্যান্ড আর পাকিস্তানের পয়েন্ট হবে সমান। এক্ষেত্রে শেষ সেমিফাইনাল স্পট নির্ধারণ হবে নেট রান রেটের ওপর ভিত্তি করে। নেট রানরেটে ইতিমধ্যেই অনেক এগিয়ে আছে নিউজিল্যান্ড। তাই পাকিস্তানকে জিততে হবে বেশ হিসাব করেই।

উদাহরণস্বরূপ, ইংল্যান্ড যদি নিউজিল্যান্ডকে ৫০ রানে হারায়, পাকিস্তানকে প্রায় ২০ রানের বেশি ব্যবধানে জিততে হবে। আগে ব্যাট করলে তাদের ১৭০ রানের আশপাশের স্কোর করতে হবে। আর যদি পাকিস্তান রান তাড়া করে, তবে তাদের ১৭.৫ ওভারেই লক্ষ্য পূরণ করতে হবে। এটা করতে ব্যর্থ হলে নিউজিল্যান্ডের নেট রান রেট পেরিয়ে যাওয়া কঠিন হয়ে উঠবে। তাই শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানকে শুধু জিতলেই হবে না, বেশ বড় ব্যবধানেই জিততে হবে। পাশাপাশি ইংল্যান্ডের দিকে তাকিয়ে থাকতে হবে, যাতে তারা নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়। ম্যাচ প্রেডিক্টরও বলছে, এই ম্যাচে পাকিস্তানের জয়ের সম্ভাবনা ৫৭ শতাংশ আর ঘরের মাঠে শেষ ম্যাচ খেলতে নামা শ্রীলঙ্কার জয়ের সম্ভাবনা ৪৩ শতাংশ। পাল্লেকেলে স্টেডিয়ামের প্রথম ইনিংসের গড় স্কোর ১৬৫ আর দ্বিতীয় ইনিংসের গড় স্কোর ১৪৪। এই পরিসংখ্যান বলছে, পাকিস্তানের জন্য রানরেটের হিসাব মেলানো ভীষণ কঠিন হয়ে উঠবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত