‘রেহানকে বলো শেবাগের মতো ব্যাট করতে’ -ম্যাককালামের বার্তা

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৫ পিএম

এমন অনুভূতি শেষ কবে দিয়েছে ইংল্যান্ড? বিশ্বসেরাদের একটিকে হারানো, হারের দোরগোড়া থেকে ফিরে এসে জয় ছিনিয়ে নেওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ঠিক সেটাই করেছে ইংল্যান্ড। দুই তরুণ উইল জ্যাকস ও রেহান আহমেদ মাঠের মাঝখানে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে। ডাগআউটে হাসি। যেন পুরোনো দিনের ইংল্যান্ড ফিরে এসেছে।

এই দুজনই ‘বাজবল’ যুগের শুরুর দিকের ক্রিকেটার। ২০২২ সালে পাকিস্তান সফরে টেস্ট অভিষেক। তিন বছর পর কলম্বোয় সেই জ্যাকস ও রেহান মিলে টি–টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে দিলেন, দলকে দিলেন নতুন গতি। ইংল্যান্ডের প্রয়োজন ছিল ১৯ বলে ৪৩ রান। তখন নেমে দ্বিতীয় বলেই লং–অন দিয়ে ছক্কা হাঁকান রেহান। জ্যাকসও গ্লেন ফিলিপসকে ছক্কা মেরে চাপ কমান। পরে মিচেল স্যান্টনারকে লং–অফ দিয়ে উড়িয়ে কার্যত জয় নিশ্চিত করেন রেহান।

ম্যাচ শেষে রেহান বলেন, ‘বাজ ওয়াকিটকিতে বার্তা পাঠিয়েছিলেন যে, ‘‘রেহানকে বলো শেবাগের মতো ব্যাট করতে।’’ ভারতের সাবেক আগ্রাসী ওপেনার বীরেন্দ্র শেবাগের প্রসঙ্গ টেনে দেওয়া সেই বার্তাই যেন বদলে দেয় ম্যাচের মোড়। ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালামের আগ্রাসী দর্শন আবারও দেখা গেল এই জয়ে। সাম্প্রতিক মাসগুলোতে যে আত্মবিশ্বাস হারিয়ে গিয়েছিল, এই বিশ্বকাপে তা ধীরে ধীরে ফিরে পাচ্ছে দলটি।

জ্যাকস বলেন, ‘এটা হ্যারি ব্রুকের সাদা বলের যুগ। তিনি আমাদের নির্দিষ্ট একভাবে খেলতে শিখিয়েছেন। দলের পরিবেশ অসাধারণ। আমরা খেলাটা উপভোগ করছি, সঠিক মানসিকতায় এগোচ্ছি।’

ইংল্যান্ড এই বিশ্বকাপে কঠিন পরিস্থিতি থেকে বারবার ম্যাচ বের করে এনেছে-নেপাল, স্কটল্যান্ড, ইতালির বিপক্ষে স্নায়ুচাপ সামলে জয়। এবার নিউজিল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষকেও হারাল। জ্যাকসের ভাষায়, ‘কঠিন অবস্থা থেকে ম্যাচ জিততে পারলে আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়। লড়াই করে জয় পাওয়ার মতো দল আর নেই।’

তবে সব প্রশ্নের উত্তর মেলেনি। গ্রীষ্মে কোচ হিসেবে ম্যাককালামের ভবিষ্যৎ নিশ্চিত নয়। সামনে সেমিফাইনালে তারা ভারত, ওয়েস্ট ইন্ডিজ বা দক্ষিণ আফ্রিকার মতো শক্ত প্রতিপক্ষ অপেক্ষায়। তবু জ্যাকস আশাবাদী, ‘আমরা সাত ম্যাচে ছয়টি জিতেছি, সেমিফাইনালে উঠেছি। শেষ পর্যন্ত কেউ নিখুঁত খেলা মনে রাখে না, জয়টাই মনে থাকে। টি–টোয়েন্টি এমনই। গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো আমরা জিতেছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত