৩ গোল না খেলে প্রাণনাশের হুমকি! গোলরক্ষক খেলেন ৬ গোল

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পিএম

মাঠের বল গড়ানোর আগেই অন্ধকার এক অপরাধের কালো ছায়া নেমে এসেছিল বলিভিয়ান ফুটবলে। প্রথম স্তরের লিগে ক্লাব অলওয়েজ রেডি’র বিপক্ষে মাঠে নেমে ৬-০ গোলের বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল গুয়াবিরা ক্লাবকে। তবে সেই হারের পেছনে লুকিয়ে রয়েছে এক রোমহর্ষক ব্ল্যাকমেইলের গল্প।

বার্তা সংস্থা এপি এর প্রতিবেদনের সূত্রমতে, ম্যাচ শুরুর আগেই গুয়াবিরা ক্লাবের গোলরক্ষক হুয়ান ম্যানুয়েল ফেরেলকে সপরিবার হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ তুলেছেন ক্লাবটির কোচ।

রবিবারের সেই বিধ্বস্ত হারের পর দলের ভেতরের আসল রহস্য ফাঁস করেছেন গুয়াবিরা ক্লাবের কোচ লিওনার্দো এগুয়েজ। ম্যাচ-পরবর্তী পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে সংবাদমাধ্যমে সরাসরি বিস্ফোরক তথ্য তুলে ধরে গুয়েজ বলেন, ‘প্রাণনাশের হুমকি জড়িত থাকলে আমরা কোনো সিরিয়াস বিশ্লেষণ করতে পারি না। সন্দেহজনক কিছু ঘটছে এবং এর তদন্ত হওয়া প্রয়োজন। খেলাটিকে কলঙ্কিত করা হয়েছে। আমার গোলরক্ষক তার জীবন, তার স্ত্রী এবং মাকে নিয়ে হুমকি পেয়েছে। তাকে বলা হয়েছিল যে সে যদি নির্দিষ্ট পরিমাণ অর্থ না দেয় অথবা ৩টি গোল না খায়, তবে তাদের মেরে ফেলা হবে।’ 

যদিও গুয়াবিরা ক্লাব কর্তৃপক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি, তবে এই ঘটনায় নড়েচড়ে বসেছে বলিভিয়ান পেশাদার ফুটবলারদের ইউনিয়ন (ফ্যাবোল)। এল আলতোর ভিলা ইঞ্জেনিও মিউনিসিপাল স্টেডিয়ামে ম্যাচটির আগে ঘটা এই অপরাধের অবিলম্বে তদন্ত দাবি করেছেন ফ্যাবোলের সাধারণ সম্পাদক ডেভিড পানিয়াগুয়া। সংবাদমাধ্যমে সরাসরি তিনি জানান, ‘গুয়াবিরা খেলোয়াড়দের সাথে যা ঘটেছে তা অবহেলিত থাকতে পারে না। বলিভিয়ান ফুটবলে একটি স্পষ্ট নজির স্থাপন করতে হবে।’ 

একই সুর শোনা গেছে প্রতিপক্ষ শিবির থেকেও। ম্যাচটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে অলওয়েজ রেডি ক্লাবের আইনি উপদেষ্টা মার্সেলো অর্তিজ সংবাদমাধ্যমে জোরালো আহ্বান জানিয়ে বলেন, ‘ফুটবলকে কলঙ্কিত করা যাবে না। খেলাটির সততা বজায় রাখতে আমরা পাবলিক প্রসিকিউটর অফিসকে তদন্ত করার আহ্বান জানাব।’

বর্তমানে বলিভিয়ান চ্যাম্পিয়নশিপে শীর্ষস্থানধারী বোলিভারের ঠিক পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে অলওয়েজ রেডি, আর গুয়াবিরা রয়েছে নবম স্থানে।

সর্বশেষ সর্বাধিক পঠিত