বন্ধুত্বপূর্ণভাবে কিউবা দখল নিতে চান ট্রাম্প

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৯ পিএম

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র চাইলে বন্ধুত্বপূর্ণভাবে কিউবা দখল নিতে পারে। তার এমন মন্তব্যে ওয়াশিংটন ও হাভানার মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।

শুক্রবার(২৭ ফেব্রুয়ারি) টেক্সাসে এক নির্বাচনী অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাম্প সাংবাদিকদের বলেন, কিউবা সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করছে এবং তারা সংকটে রয়েছে বলে জানিয়েছে ।  দুই দেশের সম্পর্ক এমনিতেই দীর্ঘ ৬৭ বছরের টানাপোড়েনের মধ্যে রয়েছে। জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর কিউবার ওপর চাপ বাড়ায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের চাপে ভেনেজুয়েলা কিউবায় তেল রপ্তানি বন্ধ করে এবং দ্বীপদেশটির ওপর তেল অবরোধ আরোপ করা হয়, যা কিউবার অর্থনীতিকে আরও সংকটে ফেলেছে।

ট্রাম্প দাবি করেন, কিউবার আর্থিক অবস্থা ভেঙে পড়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে। তিনি ইঙ্গিত দেন, কিউবা দখল খুব ইতিবাচক হতে পারে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে বসবাসরত কিউবান অভিবাসীদের জন্য। তবে কিউবার প্রেসিডেন্ট মিগেল ডিয়েজ কানেল আগেই জানিয়ে দিয়েছেন, আলোচনা হতে পারে,কিন্তু তা অবশ্যই সমান মর্যাদা ও সার্বভৌমত্বের ভিত্তিতে হতে হবে। 

ট্রাম্পের এরূপ বক্তব্য কিউবায় ঐতিহাসিক মার্কিন প্রভাবের স্মৃতি উসকে দিতে পারে। ১৯৫৯ সালে ফিদেল কাস্ত্রোর বিপ্লবের পেছনে মার্কিন অর্থনৈতিক আধিপত্য ছিল অন্যতম কারণ। এদিকে, ট্রাম্পের ঘনিষ্ঠ মহল ইঙ্গিত দিচ্ছে—কিউবার সঙ্গে সম্ভাব্য কোনো সমঝোতা অর্থনৈতিক কাঠামোকে ঘিরেই হতে পারে। তবে এমন পদক্ষেপ মায়ামিতে অবস্থিত নির্বাসিত কিউবান নাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করতে পারে বলেও মনে করছেন পর্যবেক্ষকরা।

এই মন্তব্যের কয়েক দিন আগেই ফ্লোরিডা থেকে আসা অস্ত্রধারী একদল নির্বাসিত কিউবার উত্তর উপকূলে প্রবেশের চেষ্টা করলে সমুদ্রে গোলাগুলির ঘটনা ঘটে। এতে চারজন নিহত ও সাতজন আহত হন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত