ভাগ্য বদলের আশায় মালয়েশিয়া গিয়ে মৃত্যু, মরদেহ ফিরল ১০ দিন পর

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২২ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় দালাল চক্রের প্রতারণার শিকার হয়ে প্রবাসে জাহিদুল ইসলাম (৪৪) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ফেব্রুয়ারি) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ পৌঁছায়। পরে লাশবাহী গাড়িতে করে দুপুরে তার নিজ বাড়িতে মরদেহ আনা হলে স্থানীয় লোকজনের ভিড় জমে। পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।

প্রবাসী মৃত জাহিদুল ইসলাম (৪৪) উপজেলার হাটদৌল এলাকার মৃত অছিমদ্দিনের ছোট ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আড়াই বছর আগে স্ত্রী ও দুই সন্তানকে রেখে ভাগ্য পরিবর্তনের আশায় মালয়েশিয়া পাড়ি জমান জাহিদুল। কিন্তু প্রতারণায় ভিসা জটিলতা ও অনিশ্চয়তার কারণে তার স্বপ্ন ভেঙে যায়। জেলা সদর তেঘরিয়া বাজার এলাকার শহিদুল ইসলাম নামের এক দালালের মাধ্যমে তিনি স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়া যান। চুক্তি ছিল পরবর্তীতে ভিসা সংক্রান্ত জটিলতা সমাধান করে বৈধভাবে কাজের ব্যবস্থা করে দেওয়া হবে। এ জন্য শহিদুল ইসলামের পরিবারের কাছ থেকে ৬ লাখ টাকা নেন। এই টাকা জোগাড় করতে জাহিদুলের পরিবারকে জমি বিক্রি ও ধারদেনা করতে হয়েছে। বিদেশে যাওয়ার পর থেকেই শুরু হয় দুর্ভোগ। অভিযোগ রয়েছে, নির্ধারিত সময় পার হলেও কাজের বৈধ ভিসার কোনও ব্যবস্থা করা হয়নি। দীর্ঘ সময় অনিশ্চয়তার মধ্যে থাকতে হয় তাকে।

পরিবার আরও জানায়, তিনি সেখানে একটি সবজি বাগানে অস্থায়ীভাবে কাজ করতেন এবং দীর্ঘ সময় ঘরবন্দি অবস্থায় থাকতে বাধ্য হতেন। ভবিষ্যতের অনিশ্চয়তা, ঋণের চাপ ও পরিবারের চিন্তায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পরিবারের দাবি, এসব দুশ্চিন্তার মধ্যেই তিনি স্ট্রোক করে মারা যান।

জাহিদুলের স্ত্রী হাওয়া বলেন, আমার স্বামী জমি বিক্রি করে ও ধার করে বিদেশে গিয়েছিল সংসারের উন্নতির জন্য। দালাল শহিদুলের কথায় বিশ্বাস করে আজ আমরা সব হারিয়েছি। আমি শহিদুল ইসলামের দৃষ্টান্তমূক শাস্তি চাই, যেন আর কোনও পরিবার এমন সর্বনাশের শিকার না হয়।

এদিকে, জাহিদুলের সমস্যার কথা জানিয়ে পরিবারের সদস্য ও গ্রাম্য সালিশকারীরা একাধিকবার শহিদুল ইসলামের সঙ্গে বৈঠকে বসেন। কিন্তু কোনও সমাধান হয়নি। বর্তমানে অভিযুক্ত শহিদুল ইসলাম গা ঢাকা দিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এলাকাবাসী ও পরিবার অভিযুক্ত দালালের বিরুদ্ধে দ্রুত মামলা গ্রহণ ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত