এফবিসিসিআই প্রশাসক বললেন

চাঁদাবাজদের আসলে রাজনৈতিক কোনো অবস্থান নেই

আপডেট : ০১ মার্চ ২০২৬, ০৭:৪৪ এএম

চাঁদাবাজদের আসলে রাজনৈতিক কোনো অবস্থান নেই বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান। তিনি বলেন, ‘গত ১৮ মাস তো দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ছিল না। তখন কি চাঁদাবাজি হয়নি? সুতরাং চাঁদাবাজি বা চাঁদাবাজদের আসলে রাজনৈতিক কোনো অবস্থান নেই। এটি হচ্ছে একটি ক্ষত। অসুস্থতা। সমাজের এই ক্ষত দূর করতে প্রয়োজন সমন্বিত ব্যবস্থাপনা। গতকাল শনিবার মতিঝিলের ঢাকা চেম্বার অডিটরিয়ামে ‘ব্যবসা-বাণিজ্য সহজীকরণে নির্বাচন-পরবর্তী উন্নত আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার অত্যাবশ্যকীয়তা’ শীর্ষক এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এই সেমিনারের আয়োজন করে।

এফবিসিসিআইয়ের প্রশাসক বলেন, ‘নির্বাচন-পরিবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি শব্দটি ব্যবহার করেছে ডিসিসিআই। বিষয়টি শুধু নির্বাচন-পরবর্তী সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়। যেকোনো সময় যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক না থাকে ও বাজার ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালিত না হয়, তাহলে ব্যবসা-বাণিজ্যের সহায়ক পরিবেশ সৃষ্টি হয় না। নিশ্চয়ই কিছুদিন ধরে ব্যবসা-বাণিজ্যে আমাদের কিছু সমস্যা ছিল। ব্যবসায়িক কার্যক্রমের স্বাভাবিক গতি পুরোপুরি সক্রিয় ছিল না।’

এদিকে ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ দাবি করেন, কয়েক বছর ধরে কঠোর মুদ্রানীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অনাকাক্সিক্ষত অবনতি, অবৈধ চাঁদাবাজি, অনিয়ম ও দুর্নীতি, প্রশাসনিক জটিলতা ও দীর্ঘসূত্রতাসহ নানা কারণে বেসরকারি খাতে কাক্সিক্ষত মাত্রায় অগ্রগতি অর্জিত হয়নি।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন এ এইচ এম আহসান বলেন, বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে পণ্যের চাহিদা ও সরবরাহ সমন্বয় করার কোনো বিকল্প নেই। সেই সঙ্গে ব্যবহৃত পণ্যের সঠিক তথ্য-উপাত্ত নিশ্চিত খুবই জরুরি। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইআইটি অধিশাখা) শিবির বিচিত্র বড়ুয়া বলেন, সার্বিক উন্নয়নের জন্য উন্নত আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো বিকল্প নেই। এর অভাবে আস্থার সংকট থাকায় স্থানীয় ও বিদেশি বিনিয়োগ আসে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত