ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের সংবাদে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ রবিবার (১ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই শোক ও উদ্বেগের কথা জানান। স্ট্যাটাসে তিনি শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে তাদের ধৈর্য ও শক্তি কামনা করেন।
ফেসবুক স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা নিয়ে শঙ্কা প্রকাশ করে লিখেন, এই পরিস্থিতি ইতোমধ্যেই আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। সামরিক উত্তেজনা আরও বাড়লে তা পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। বিশেষ করে পবিত্র রমজান মাসে যেকোনো ধরনের হামলা বিশ্বজুড়ে সাধারণ মানুষের হৃদয়ে গভীর ক্ষোভ সৃষ্টি করবে এবং বিশ্বশান্তিকে বিপন্ন করবে বলে তিনি সতর্ক করেন।
সংকট নিরসনে তিনি যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানসহ সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধের আহ্বান জানান। স্ট্যাটাসে তিনি সবাইকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করে কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে আসার অনুরোধ করেন। একইসঙ্গে আন্তর্জাতিক আইন ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এখন সবচেয়ে জরুরি বলে তিনি উল্লেখ করেন।
পরিশেষে, বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘ ও বিশ্বনেতাদের এখনই কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে নিজের ফেসবুক পোস্টটি শেষ করেন জামায়াত আমির।
আজ জন্মভূমিতে যাচ্ছেন শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী 