চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষে জামায়াতে ইসলামীর কর্মী হাফিজুর রহমান নিহতের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী।
রবিবার (১ মার্চ) সকাল ১১টার দিকে জামায়াতে ইসলামের জীবননগর কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড ট্রাফিক আইল্যান্ডে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা নিহত হাফিজুর রহমানের হত্যাকাণ্ডে জড়িত বিএনপি কর্মীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন।
হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে গ্রেপ্তার না হলে জীবননগরে আগুন জ্বলবে এবং হত্যার বদলে হত্যা করা হবে। বিক্ষোভ চলাকালে কর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান এবং প্রায় ১০ মিনিট শহরের যান চলাচল বন্ধ থাকে।
জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমানের সভাপতিত্ব সভায় বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা মাজলিসুল মুফাসসিরিন পরিষদের সভাপতি মাওলানা হাফিজুর রহমান, জীবননগর উপজেলা জামাতের নায়েবে আমির সাখাওয়াত হোসেন।
এদিকে সংঘর্ষে নিহত হাফিজুর রহমানের জানাজা রবিবার দুপুর ৩টায় জীবননগরের সুটিয়া গ্রামে অনুষ্ঠিত হয়।
