রাজশাহীর গোদাগাড়ী থেকে ককটেল তৈরী উপকরণ গান পাউডার ও কাঁচের গুড়া উদ্ধার করেছে র্যাব। গোদাগাড়ী থানাধীন তালধারী এলাকায় অভিযান চালিয়ে শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এসব উপাদান জব্দ করে র্যাব।
র্যাব ৫ জানায়, গোপন তথ্যে ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১০টার দিকে র্যাব-৫ এর একটি দল তালধারী এলাকায় অভিযান চালায়। এসময় একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তায় স্বচ্ছ সাদা রংয়ের পলিথিনের মধ্যে বিস্ফোরক সাদৃশ্য দ্রব্য গান পাউডার ও একটি নীল রংয়ের পলিথিনের মধ্যে ভাঙা কাঁচের গুড়া পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত গান পাউডারের ওজন ৮ কেজি ৩৯০ গ্রাম। আর কাঁচের গুড়ার ওজন ১ কেজি ১৭০ গ্রাম। উদ্ধারকৃত এসব বিস্ফোরক গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
