গণপরিবহনে শৃঙ্খলা ও সাশ্রয়ী সেবা জোরদারে প্রধানমন্ত্রীর উদ্যোগ

আপডেট : ০২ মার্চ ২০২৬, ০৫:১৭ পিএম

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং স্বল্প খরচে অধিকসংখ্যক যাত্রীকে সেবা দেওয়ার লক্ষ্য সামনে রেখে যোগাযোগ বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বুয়েটের অধ্যাপক শামসুল হক। বৈঠকে রাজধানীর পরিবহনব্যবস্থার বর্তমান চ্যালেঞ্জ, যাত্রীসেবার মানোন্নয়ন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে আলোচনায় হয়।

বৈঠক শেষে অধ্যাপক শামসুল হক জানান, আগামী ১৮০ দিনের মধ্যে রাজধানীতে নারীদের জন্য বিদ্যুৎচালিত বিশেষ বাস সার্ভিস চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়িত হলে নারী যাত্রীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া, মেট্রোরেলের পাশাপাশি ঢাকার জনবহুল ও নিচু এলাকায় মনোরেল চালুর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। নগর পরিকল্পনার অংশ হিসেবে বিকল্প গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

অধ্যাপক শামসুল হক আরও জানান, রাজধানীর ওপর চাপ কমাতে ঢাকাকে বিকেন্দ্রীকরণের পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। এ লক্ষ্য বাস্তবায়নে দ্রুতগতির ট্রেন চালুর বিষয়টিও আলোচনায় এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত