শীতের রেশ কাটতেই বসন্তের প্রথম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা। সোমবার (২ মার্চ) সকাল থেকেই ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন ছিল। তবে দুপুরে কিছু কিছু জায়গায় বৃষ্টি শুরু হয়।
এসময় ঢাকা শাহবাগ, বাংলামটর, কারওয়ানবাজার, এলিফেন্ট রোড, ধানমন্ডি ও উত্তরায় বৃষ্টি পড়ার খবর পাওয়া গেছে।
সোমবার (২ মার্চ) দুপুর ১টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকার আবহাওয়া আজ প্রধানত শুষ্ক থাকতে পারে। এসময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সাধারণত সামান্য কমে যেতে পারে।
দুপুর ১২টায় রাজধানীর বাতাসের আদ্রতা ছিল ৬২ শতাংশ। এই সময় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া মঙ্গলবারও (৩ মার্চ) ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
