রাজধানীর লালবাগের শহীদনগরে ভাড়া বাসা থেকে আনোয়ার হোসেন (৪৩) নামে জজকোর্টের এক আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের সময় তার মরদেহটি পচে কিছুটা ফুলে গিয়েছিল।
শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহীদনগরের ৩ নম্বর গলির ১০/১ নম্বর বাড়ির দ্বিতীয় তলার বাসা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
জানা গেছে, নিহত আনোয়ার হোসেন মুন্সিগঞ্জের গজারিয়া থানার গোয়ালগাঁও গ্রামের মৃত/আব্দুল মজিদের ছেলে।
লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামিল হোসেন জানান, আনোয়ার হোসেন অবিবাহিত ছিলেন এবং শহীদনগরের ওই বাসায় একা একটি রুম ভাড়া নিয়ে থাকতেন। শনিবার সকালে পাশের বাসার এক ভাড়াটিয়া দুর্গন্ধ পেয়ে দরজায় উঁকি দেন এবং হালকা ধাক্কা দিতেই তা খুলে যায়। ভেতরে আনোয়ার হোসেনকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি পুলিশে খবর দেন।
ওসি আরও জানান, ঘরের মেঝেতে পাতা বিছানার ওপর তার মরদেহ পড়ে ছিল। শরীর পচে ফুলে গেছে এবং ফোসকা পড়েছে। ঘরের মধ্যে খাবারের অবশিষ্ট অংশ ছাড়াও মাদক সেবনের সরঞ্জাম, যেমন—ইয়াবা ও ফয়েল পেপার পাওয়া গেছে।
ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ ও পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি জজকোর্টের আইনজীবী হলেও নিয়মিত আইন পেশায় যেতেন না। তিনি বিষণ্নতা ও মাদকাসক্তিতে ভুগছিলেন এবং ঘরের ভেতরেই মাদক সেবন করতেন। অসুস্থতার কারণে দুই-তিন দিন আগে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
লালবাগে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
শাহবাগে দুই ভবঘুরের মরদেহ উদ্ধার