চট্টগ্রামের সীতাকুণ্ডে সাত বছর বয়সী এক শিশু কন্যাকে হত্যার উদ্দেশ্যে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটে রবিবার (১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ড পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ইকো পার্ক এলাকার ভেতরে বিমান বাহিনীর টাওয়ারের দক্ষিণ পাশে ঝর্ণামুখী সড়কের পাশে।
ভুক্তভোগী শিশুটির মা রোকেয়া বেগম সীতাকুণ্ড মডেল থানায় দায়ের করা এজাহারে অভিযোগ করেন, তার মেয়ে জান্নাতুল নাইমা ইরা (৭) বাড়ির পাশের ছোট কুমিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। প্রতিদিনের মতো সে সকালে দাদির বাড়িতে যাওয়ার জন্য বের হয়। পরে দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে।
পরে পরিবারের সদস্যরা এক ব্যক্তির সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পারে ইকো পার্ক এলাকায় গলায় আঘাতপ্রাপ্ত অবস্থায় একটি শিশু পড়ে আছে। পরে তারা ঘটনাস্থলে গিয়ে জানতে পারে, স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, দুর্বৃত্তরা শিশুটিকে ফুসলিয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে। আহত অবস্থায় শিশুটি দৌড়ে রাস্তায় চলে এলে স্থানীয়রা তাকে উদ্ধার করে। শিশুটির সঙ্গে অন্য কোনো অপরাধ সংঘটিত হয়েছে কি না, তা ডাক্তারি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে পরিবার জানিয়েছে।
শিশুটির বড় বোন পুষ্পা বলেন, আমার বোনকে কে বা কারা ১০ কিলোমিটার দূরে ইকো পার্কের নির্জন স্থানে নিয়ে হত্যা চেষ্টা করেছে আমরা এর উপযুক্ত বিচার চাই।
সীতাকুণ্ড থানার ইন্সপেক্টর তদন্ত মোহাম্মদ আলমগীর জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
