মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

আপডেট : ০২ মার্চ ২০২৬, ১০:১৬ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ও জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক হামলায় দুজন বাংলাদেশি নাগরিক নিহত এবং কয়েকজন আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, প্রবাসে কর্মরত আমাদের নাগরিকরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। তাদের মর্মান্তিক মৃত্যু জাতির জন্য গভীর বেদনার। তিনি নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

তিনি সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি বেসামরিক নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান এবং আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালা কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বাংলাদেশ সরকারের প্রতি নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে কার্যকরভাবে দাঁড়ানোর আহ্বান জানান। আমীরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা সকল পক্ষকে সংযম প্রদর্শন এবং চলমান উত্তেজনার শান্তিপূর্ণ কূটনৈতিক সমাধানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত