দুরন্ত গতিতে চঞ্চল

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০১:৪৩ এএম

দেশের মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের শক্তিশালী অভিনেতা চঞ্চল চৌধুরী। অভিনয়ের পাশাপাশি তিনি মডেল, শিক্ষক ও গায়কও বটে। দেশের গণ্ডি পেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গেও নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। তবে একসময় শুধু মঞ্চ ও টিভি নাটকেই বেশি ব্যস্ত ছিলেন এই তারকা। নাটকগুলোর সঙ্গে যেন তার নাম ছিল অবিচ্ছেদ্যভাবে জড়ানো। সাবলীল অভিনয়, চরিত্রের গভীরে ঢুকে যাওয়ার অনন্য ক্ষমতা এবং স্বতন্ত্র সংলাপ বলার ভঙ্গি তাকে করে তুলেছিল দর্শকের ঘরের মানুষ। সময়ের পরিবর্তনে বদলেছে মাধ্যম, বদলেছে দর্শকের অভ্যাসও। এখন টেলিভিশনে তার উপস্থিতি তুলনামূলক কম হলেও ওটিটি ও বড়পর্দায় বেড়েছে ব্যস্ততা। তবে আসন্ন ঈদুল ফিতরে সর্বাধিক সিনেমায় দেখা যাবে তাকে। তার অভিনীত তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায়; যা নিঃসন্দেহে ভক্তদের জন্য বড় চমক।

ঈদে মুক্তির তালিকায় রয়েছে রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ এবং তানিম নূর নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’। জানা গেছে, দুই সিনেমার শুটিং শেষ হয়েছে। পাশাপাশি আরও একটি সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা যাবে তাকে। রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’-এ বিশেষ উপস্থিতি রয়েছে তার। ‘বনলতা এক্সপ্রেস’ নির্মিত হচ্ছে হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে। এর অধিকাংশ দৃশ্য ধারণ করা হয়েছে ট্রেনের ভেতরে, যা নির্মাণে যোগ করেছে আলাদা মাত্রা। চঞ্চলের ভাষায়, হুমায়ূন আহমেদের গল্প চুম্বকের মতো টানে। বিশাল টিম নিয়ে কাজ করতে হয়েছে এই সিনেমায়; ট্রেন ও হেলিকপ্টার দুটিই ব্যবহার করা হয়েছে। মূলত এটি একটি যাত্রাপথের গল্প, যেখানে চরিত্রগুলোর ভেতরকার টানাপড়েন ও সম্পর্কের রসায়ন ধীরে ধীরে উন্মোচিত হয়।

অন্যদিকে ‘প্রেশার কুকার’ একটি নারীপ্রধান গল্প। প্রচলিত অর্থে এতে কোনো একক নায়ক নেই। গল্প আবর্তিত হয়েছে কয়েকজন নারী চরিত্রকে কেন্দ্র করে। প্রধান ভূমিকায় অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী। চার নারীর ভিন্ন জীবনযাপন, দ্বন্দ্ব ও বাস্তবতার চাপ থেকেই তৈরি হয়েছে ছবির নাটকীয়তা। সেই আবহেই ক্যামিও চরিত্রে হাজির হবেন চঞ্চল। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, সংশ্লিষ্ট সূত্র তার উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছে।

এ ছাড়া রায়হান রাফী পরিচালিত ‘আন্ধার’ সিনেমার শুটিংও শেষ করেছেন তিনি। এ সিনেমায় একেবারেই নতুন ধরনের চরিত্রে দেখা যাবে তাকে বলে জানিয়েছেন অভিনেতা নিজেই। তার মতে, ‘আন্ধার’ একটি ভালো সিনেমা হয়েছে এবং চরিত্রটি দর্শকের কাছে নতুন লাগবে।

শুধু অভিনয়েই নয়, সংগীতেও রয়েছে তার সম্পৃক্ততা।

ব্রাত্য বসু পরিচালিত ‘শেকড়’ সিনেমায় প্লেব্যাক করেছেন চঞ্চল। এর জন্য নতুনভাবে রেকর্ড করেছেন দুটি বাউল গান বিজয় সরকারের ‘এই পৃথিবী যেমন আছে, তেমনি ঠিক রবে’ এবং গোষ্ঠ গোপাল দাসের ‘ও জীবন রে, ছাড়িয়া না যাও মোরে’। এ ছাড়া পাশাপাশি লিসা গাজী পরিচালিত ‘শাস্তি’ সিনেমার শুটিং শুরুর প্রস্তুতিও নিচ্ছেন তিনি। সব মিলিয়ে অভিনয় ও সংগীত দুই অঙ্গনেই সমানতালে ব্যস্ত সময় পার করছেন চঞ্চল চৌধুরী।

সর্বশেষ সর্বাধিক পঠিত