বিশ্বজুড়ে যুদ্ধের প্রভাব

দেশ-বিদেশে ফের বাড়ছে সোনার দাম

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১২:৫০ এএম

যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথভাবে হামলা চালাচ্ছে ইরানে। ইরানও পাল্টা হামলা করছে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটিগুলোয়। মধ্যপ্রাচ্যের পাশাপাশি যুদ্ধাবস্থা বিরাজ করছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে। আগে থেকেই চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। আন্তর্জাতিক অঙ্গনের এই অস্থিরতার মধ্যে দেশে দেশে বেড়েই চলছে সোনার দাম।

সোনার দাম বিশ্লেষণকারী সংস্থাগুলোর তথ্য বলছে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম কয়েক মাস ধরেই ঊর্ধŸমুখী। এই প্রবণতায় নতুন করে অস্থিরতার পারদ চড়িয়েছে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আক্রমণ। সোনার স্পটমার্কেটের লাইভ খবর প্রকাশ করে কিটকো। সংস্থাটির তথ্য বলছে, আন্তর্জাতিক বাজারে আউন্সপ্রতি সোনার দাম ৫ হাজার ৪০০ ডলার ছোঁয়ার পথে, যা এক দিন আগেও ছিল ৫ হাজার ২৮০ ডলারে।

এরই ধারাবাহিকতায় দেশেও প্রতিনিয়তই বাড়ছে সোনার দাম। গতকাল সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ভালো মানের সোনার দাম ৫ হাজার ৪২৪ টাকা বাড়ানো হয়েছে। এতে করে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা। এর আগে গত শনিবারও সোনার দাম বাড়ানো হয়েছিল।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৬৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ২৪ হাজার ২৯৯ টাকা। এ ছাড়া সনাতনি পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৩৩ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোনার নির্ধারিত দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে।

জানা গেছে, গত জানুয়ারি মাসের শেষদিক থেকেই দেশের বাজারে সোনার দামে অস্থিরতা বিরাজ করছে। কখনো কখনো এক দিনেই সকাল ও বিকেলে দাম বাড়ানো হয়েছে। কখনো কখনো সকালে বাড়িয়ে বিকেলে কমানোর মতো ঘটনা ঘটেছে।

এই অস্থিরতা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক বাজারেও। গত বছর থেকেই বিশ্ববাজারে সোনার দাম বাড়তি। গত ৩০ দিনে সোনার দাম বেড়েছে আউন্সপ্রতি ৬৪৪ ডলার। গত ছয় মাসে সোনার দাম বেড়েছে ১ হাজার ৭০৬ ডলার।

বিশ্লেষকরা বলছেন, বিশ্ববাজারে যত বেশি অস্থিরতা তৈরি হয়, মূল্যবান ধাতুগুলোয় বিনিয়োগের আগ্রহ তত বেড়ে যায়। সে অনুযায়ী, বিশে^র বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো বেশি বেশি করে সোনার মজুদ তৈরি করছে। ফলে বিশ্ববাজারে প্রতিনিয়ত সোনার দাম বাড়ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত