সরকারি তিন প্রতিষ্ঠানের চেয়ারম্যানের পদত্যাগ

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১২:৫১ এএম

রাষ্ট্রায়ত্ত তিন প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদত্যাগ করেছেন। তারা হলেন, বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম, সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী ও সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী। গতকাল সোমবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের কাছে পৃথকভাবে পদত্যাগপত্র পাঠিয়েছেন। ব্যক্তিগত কারণ উল্লেখ করে পদত্যাগ করেছেন তারা।

আইডিআরএ-এর পরামর্শক (মিডিয়া এবং যোগাযোগ) ও মুখপাত্র সাইফুন্নাহার সুমি জানিয়েছেন, চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগপত্র জমা দিয়েছেন। আইডিআরএ সূত্রে জানা গেছে, প্রায় দুই সপ্তাহ আগে এক অভ্যন্তরীণ সভায় তিনি পদত্যাগের ইচ্ছার কথা জানিয়েছিলেন। সাবেক সিনিয়র সচিব ড. এম আসলাম আলম ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর আইডিআরএ-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছিল। সেই হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৭ সালের ৮ সেপ্টেম্বর।

এদিকে সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার আগে মোহাম্মদ মুসলিম চৌধুরী মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) হিসেবে দায়িত্ব পালন করেন। এর পাশাপাশি তিনি সাবেক অর্থ সচিব হিসেবেও কর্মরত ছিলেন। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৮ আগস্ট তাকে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত