জাতীয় সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী। জাতীয় সংসদের জোটের এমপিদের বৈঠকের পর এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলটি। গতকাল সোমবার রাতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন।
জুলাই সনদের সংস্কার প্রস্তাব অনুযায়ী, ডেপুটি স্পিকার, কয়েকটি সংসদীয় কমিটির সভাপতিসহ গুরুত্বপূর্ণ কিছু পদ বিরোধী দল থেকে নেওয়ার কথা রয়েছে। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার দেওয়ার বিষয়ে জামায়াতকে মৌখিকভাবে প্রস্তাব দেওয়া হয়েছে।
দলটির মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল রাতে অ্যাডভোকেট জুবায়ের বলেন, এ বিষয়ে আমাদের চিন্তাভাবনা করতে হবে। সরকারি দলের সংসদ সদস্যরা এখনো সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেননি। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে নানা আশঙ্কা দেখা দিয়েছে। যদি সনদের অন্যান্য বিষয় বাস্তবায়ন না করে শুধু ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে দেয়, সেটা হবে না। আমরা জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই। তিনি বলেন, কেউ কেউ আদালতের ঘাড়ে বন্দুক রেখে জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। শুধু ডেপুটি স্পিকার নয়, নোট অব ডিসেন্ট ছাড়াই বিএনপিসহ সব রাজনৈতিক দল অনেক বিষয়ে একমত হয়েছিল। সেগুলো না করে নানাভাবে সনদ বাস্তবায়ন ব্যাহত করার চেষ্টা চলছে। আমরা সব বিষয় পর্যবেক্ষণ করছি। আলোচনার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
