মানিকগঞ্জের শিবালয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে মো. সুজন খান নামের এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার ইছালই মসজিদ এলাকা সোমবার (২ মার্চ) রাত ১০টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার।
দণ্ডপ্রাপ্ত মো. সুজন খান দক্ষিণ কাশাদহ গ্রামের বাসিন্দা।
প্রশাসন জানায়, একটি চক্র রাতের আধারে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিল। অভিযোগের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে ঘটনাস্থলে মো. সুজন খানকে পাওয়া যায় এবং অভিযোগ প্রমাণিত হওয়ায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার কাছ থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ পর্যন্ত ছয়টি অভিযান চালানো হয়েছে। শুধু প্রশাসনের একার পক্ষে এ ধরনের অপরাধ পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। মাটি কাটা বন্ধে সংশ্লিষ্ট সব দপ্তর, রাজনৈতিক নেতারা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরও সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে হবে। তা না হলে কেবল মোবাইল কোর্টের মাধ্যমে এ অপরাধ নির্মূল করা সম্ভব হবে না।
