ফিলিপাইনের রাজধানী ম্যানিলার প্রায় দুই ঘণ্টা দক্ষিণপূর্বে, রিজাল প্রদেশের পিলিলা শহরে মঙ্গলবার (৩ মার্চ) সকালে একটি বেসামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। ফিলিপাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ক্যাপ) এই দুর্ঘটনার কথা নিশ্চিত করেছে।
পিলিলা মেয়র জন মাসিনসিন জানান, স্থানীয় সময় সকাল ৭টা ২৭ মিনিটে হেলিকপ্টারটি আবাসিক এলাকার একটি ফাঁকা জায়গায় জরুরি অবতরণে বাধ্য হয়। বিমানটিতে পাঁচজন আরোহী ছিলেন, যাদের মধ্যে দুইজন বিদেশি নাগরিক ছিলেন—একজন মালয়েশিয়ান এবং একজন ফিলিপিনো। দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হন, আরেকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাকি তিন আরোহীর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ প্রাদেশিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পিলিলা মেয়র আরও জানিয়েছেন, পাইলট গুরুতর আহত হলেও স্থানীয়দের কোনো ক্ষতি ছাড়াই হেলিকপ্টারটি অবতরণ করতে সক্ষম হন। পুলিশ ও জরুরি সেবা কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।
