যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শনিবার থেকে যৌথ হামলা শুরুর পর ইরানে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৭৮৭ জনে।
মঙ্গলবার (৩ মার্চ) ইরানিয়ান রেডক্রস সোসাইটি এই তথ্য নিশ্চিত করেছে।
সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, এসব হামলায় বিপুল সংখ্যক বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান (এইচআরএএনএ) জানিয়েছে, নিহত বেসামরিকের সংখ্যা ৭৪২ জন, যাদের মধ্যে ১৭৬ জনই শিশু।
হামলায় দেশটির স্বাস্থ্য ব্যবস্থাও ব্যাপক ক্ষতির সম্মুখীন। ইরানের পার্লামেন্টের স্বাস্থ্য কমিশনের সদস্য ফাতেমেহ মোহাম্মদবেইগি সোমবার জানান, ইরানের মোট নয়টি হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তিনি এই হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সরাসরি দায়ী করেন।
হাসপাতালে হামলার অভিযোগ প্রসঙ্গে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এক বিবৃতিতে দাবি করেছে, তেহরানের গান্ধী হাসপাতালে হামলার ঘটনাটি ইচ্ছাকৃতভাবে ওই হাসপাতালকে লক্ষ্য করে চালানো হয়নি।
তবে এসব অস্বীকার উড়িয়ে দিয়ে মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন করে অভিযোগ তুলেছে। মন্ত্রণালয়ের দাবি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয় দেশই একই হাসপাতালটিকে লক্ষ্য করে পৃথক হামলা চালিয়েছে, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে তারা মনে করেন।