মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও আকাশপথে বেড়ে চলা নিরাপত্তা ঝুঁকির কারণে আগামী ৫ মার্চ পর্যন্ত গুরুত্বপূর্ণ ছয়টি আন্তর্জাতিক রুটে সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
মঙ্গলবার (৩ মার্চ) কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানায়। বিমানের জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে, যে ছয়টি গন্তব্যে ফ্লাইট বাতিল করা হয়েছে সেগুলো হলো-সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা; সৌদি আরবের দাম্মাম; কাতারের দোহা এবং কুয়েত।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, পরিস্থিতির উন্নতি হলেই যাত্রীদের বাতিল হওয়া ফ্লাইটের হালনাগাদ সময়সূচি জানিয়ে দেওয়া হবে। তবে আকাশপথের এই অনিশ্চয়তা কাটা না পর্যন্ত ফ্লাইট পরিচালনা স্বাভাবিক হচ্ছে না।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর জেরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট সূচিতে ব্যাপক বিপর্যয় দেখা দেয়।
বিমানবন্দর সূত্রের তথ্য অনুযায়ী, যুদ্ধ পরিস্থিতির প্রভাবে মঙ্গলবার (৩ মার্চ) বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৩৮টি ফ্লাইট বাতিল হয়েছে। এর আগে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি এবং ২ মার্চ ৪৬টি ফ্লাইট বাতিল করা হয়। সব মিলিয়ে গত পাঁচ দিনে মোট ১৪৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
উদ্ভূত এ পরিস্থিতিতে যাত্রীদের প্রয়োজনীয় তথ্য পেতে নিয়মিত বিমানের কল সেন্টার বা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
