নীলফামারীর সীমান্ত দিয়ে ভারত যাওয়ার সময় তিন শিশু আটক

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০৯:৩১ পিএম

নীলফামারীর ডোমার উপজেলার সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় তিন শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬বিজিবি)। সোমবার(২মার্চ) রাত ৯টা ৪০ মিনিটে উপজেলার ভোগড়াবুড়ি ইউনিয়নের চিলাহাটি ডাঙ্গাপাড়া বিওপি এলাকায় সীমান্ত পিলার ৭৮২/৪-এস সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে তাদের আটক করা হয়। আটকের পর ওই রাতেই ডোমার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার(৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুল্লাহ। আটক তিন শিশু হলো- নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ আদমজি ইপিজেড এলাকার মো. ইসরাফিলের ছেলে মো. ইরফান (১২), ঢাকা কোনাবাড়ি এলাকার আকতারের ছেলে মো. সাজ্জাদ (১৩) এবং সুনামগঞ্জ জেলার ছাতক থানার নতুন বাশতলা এলাকার আবুল কালামের ছেলে মো. সাব্বির (১০)।

জানা যায়, তিন শিশু বাড়ি থেকে বের হয়ে ট্রেনে করে এক জেলা থেকে অন্য জেলায় কাজের জন্য যায়। ঘটনার দিন সোমবার তারা খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে চিলাহাটি আসে। সেখানে সারাদিন অবস্থানের পর রাতে সীমান্তের ভারতের যাওয়ার সিদ্ধান্ত নেয়। রাতে সীমান্ত অতিক্রম করার সময় বিজিবি টহলদল তাদের আটক করে। তবে তিন শিশুর ভাষ্য মতে, বাবা অন্যত্র বিয়ে করায় তাদের বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে। ট্রেনে ঘুরতে ঘুরতে তাদের মধ্যে পরিচয় হয়। এরপর থেকে তারা এক সাথে এক জেলা থেকে অন্য জেলায় কাজের খোঁজে যাতায়াত করতো।

ডোমার থানার ওসি মোহাম্মদ হাবিবুল্লাহ জানান, তিন শিশু ভিন্ন জেলার হলেও তারা নিজেদের বন্ধু বলে পরিচয় দিয়েছে। বর্তমানে তারা থানা পুলিশের হেফাজতে রয়েছে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত