দেশীয় সংগীতাঙ্গনের নন্দিত ও শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী। আধুনিক গান গেয়ে তিনি দীর্ঘদিন ধরে যেমন শ্রোতা-দর্শককে মুগ্ধ করে আসছেন টিভি ও স্টেজ শোতে, ঠিক তেমনই সিনেমার গানেও কণ্ঠ দিয়েও তিনি মুগ্ধ করে আসছেন সংগীতপ্রেমী শ্রোতা-দর্শককে। মুন্নী সর্বশেষ প্লে-ব্যাক করেছেন চিত্রনায়িকা শাবনূর অভিনীত নির্মাণাধীন সিনেমা ‘রঙ্গনা’য়। গানটি লিখেছেন গীতিকার কবির বকুল এবং সুর করেছেন ইমরান মাহমুদুল। গানটি করার পর মাঝখানে বেশ কিছুদিন বিরতির পর তিনি যুক্তরাষ্ট্রে বসেই নতুন আরেকটি প্লে-ব্যাক করলেন। গাজী রাকায়েত পরিচালিত সিনেমাটির নাম দেওয়া হয়েছে ‘মানুষটিকে দেখ’। এটি নির্মিত হচ্ছে সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড-সিআরপির অর্থায়নে এবং চারুনীড়ম অডিও ভিজ্যুয়ালও ফেস অ্যান্ড মাস্কের সহযোগিতায়।
নির্মাতা জানান, আগামী ১৪ এপ্রিল দেশের প্রধান প্রধান সিনেমা হলে মুক্তি পাবে ‘মানুষটিকে দেখ’ সিনেমাটি। ‘সিনেমায় ‘ভালোবাসি ভালোবাসি’ শিরোনামের এই গানটিই গেয়েছেন দিনাত জাহান মুন্নী। গানটি লিখেছেন ও সুর করেছেন কবির বকুল।
গানটি প্রসঙ্গে দিনাত জাহান মুন্নী বলেন, ‘গাজী রাকায়েত ভাইয়ের সঙ্গে আমার কখনো দেখা হয়েছে, এটা মনে পড়ছে না। কিন্তু এই গানটি আমাকেই গাইতে হবে এমনটাই তিনি বকুলকে বলেছেন। যে কারণে সুদূর যুক্তরাষ্ট্র থেকে গানটি প্রবল আগ্রহ নিয়ে গাইলাম। যেহেতু আমার সঙ্গে রাকায়েত ভাইয়ের দেখা হয়নি কিন্তু আমার নামটি তার মাথায় আছে এ বিষয়টিই আমার কাছে বেশ বিস্ময়ের মনে হয়েছে। খুব ভালো লেগেছে গানটি গেয়ে। এখানে ইবরার টিপু ভাইয়ের হোম স্টুডিওতেই আমি ভয়েজ দিয়েছিলাম।’
মুন্নী জানালেন, আগামী তিন/চার মাস পর তারই উদ্যোগে মূলত যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের সন্তানদের মধ্যে যাদের গান শেখা ও গাওয়ার আগ্রহ আছে, তাদের নিয়ে বাংলাদেশের শেকড়ের গান করার উদ্যোগ নিয়েছেন তিনি। এরই মধ্যে মুন্নীর কাছেও অনেকে গান শিখেন। তারা সঠিক বাংলা না জানলে মুন্নী তাদের বিপা (বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস)-তে পাঠিয়ে শুদ্ধ বাংলাও শিখিয়ে নিচ্ছেন। নিউ ইয়র্কে একটি বড় হলে প্রায় এক হাজার অতিথিদের উপস্থিতিতে স্পনসর (নাম প্রকাশে অনিচ্ছুক যারা) নিয়ে এই আয়োজন সফল করা হবে। মুন্নী জানান, মূলত প্রবাসী বাংলাদেশিদের সন্তানরা কতটা শ্রদ্ধা-ভালোবাসা বুকে লালন করে বাংলাটা শিখতে চায়, সেটিই দেখাতে চান মুন্নী।
মুন্নীর কণ্ঠে সিনেমার জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ‘ও প্রিয় আমি তোমার হতে চাই’, ‘সব কথা বলে না হৃদয়’, ‘ভালোবাসায় বুক ভাসাইয়া’, ‘মন চায় মন চায়’, ‘এক কাপ চা’ ইত্যাদি।