সেন্ট্রালের বাজিমাত

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০৮:১২ এএম

পরপর দুই ম্যাচে নর্থ জোনকে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগ (ওয়ানডে)-এর চ্যাম্পিয়ন হয়ে গেল সেন্ট্রাল জোন। মিরপুরে মঙ্গলবারের শিরোপা নির্ধারণী ম্যাচে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন নর্থ জোনকে ৫ উইকেটে হারায় সাইফ হাসান ও মোহাম্মদ নাঈম শেখদের সেন্ট্রাল জোন।

অথচ টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচ জিতে বেশ আত্মবিশ্বাসী ছিল নর্থ জোন। প্রথম পর্বের শেষ ম্যাচে তাদের হারিয়েই ফাইনালের টিকিট কেটে নেয় সেন্ট্রাল জোন। ফাইনালেও সেই ধারাবাহিকতা ধরে রেখে শিরোপা নিজেদের করে নেয় তারা।

আগের দুই আসরের চ্যাম্পিয়ন নর্থ জোনের  হ্যাটট্রিকের স্বপ্ন ভেঙে যায়।

অসুস্থ লিটন দাসকে ছাড়া খেলতে নামা উত্তরাঞ্চল টস হেরে আগে ব্যাট করে। ৯৬ রানের ইনিংসে সেঞ্চুরির সুবাস পাওয়া তাওহীদ হৃদয় ছাড়া আর কেউ ৫০ রানও করতে পারেননি। ইনিংসের ৩ বল বাকি থাকতে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়ে যান হৃদয়। ৯৮ বলের ইনিংসে তার চার ৮টি ও ছক্কা ১টি।

রান তাড়ায় নাঈম-সাইফের দ্বিতীয় উইকেটে গড়া বড় জুটিতে ম্যাচ মুঠোয় নিয়ে নেয় মধ্যাঞ্চল। দুজনই পান ফিফটি। অবশ্য এরপর আর বেশিদূর এগোয়নি তাদের ইনিংস। ৮৭ বলে ৭৮ রান করেন নাঈম; আর ৭৮ বলে ৮৭ রানে আউট হয়ে যান সাইফ।

শেষ দিকে মাহিদুল ইসলাম অঙ্কন (৮ বলে ৬) ও ইরফান শুক্কুর (১৩ বলে ১৪) আউট হলেও মোসাদ্দেক হোসেন সৈকতের সঙ্গে মাহফিজুল ইসলাম রবিন (২৪ বলে ১৮) ম্যাচ শেষ করে মাঠ ছাড়েন।

সংক্ষিপ্ত স্কোর

উত্তরাঞ্চল : ৪৯.৩ ওভারে ২৩৮ (হৃদয় ৯৬, নাজমুল ৩৫, সাব্বির রহমান ২৪; রিপন ৪/৪১, রাকিবুল ২/৩১, তাসকিন ৫৬/২) মধ্যাঞ্চল : ৩৮ ওভারে ২৩৯/৫ (সাইফ ৮৭, নাঈম ৭৮, মাহফিজুল ১৮*; নাহিদ ২/৬১)।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত